মেয়রের কোটা বাতিলের সুপারিশ সংসদীয় কমিটির
ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) দোকান বরাদ্দের ক্ষেত্রে মেয়রের ২৫ শতাংশ কোটা বাতিলের সুপারিশ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।গতকাল রোববার কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে ডিসিসি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে বলে কমিটির সদস্যরা মন্তব্য করেন। খবর সংশ্লিষ্ট সূত্রের। এর আগে সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে দোকান বরাদ্দের ব্যাপারে ডিসিসির কাছে তথ্য চাওয়া হয়েছিল। কিন্তু ডিসিসি কোনো তথ্য দেয়নি। এতে কমিটির গতকালের বৈঠকে ক্ষোভ প্রকাশ করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রহমত আলীর সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, আবুল খায়ের ভুঁইয়া, মনোয়ার হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।বৈঠক শেষে কমিটির সভাপতির দপ্তর থেকে বলা হয়, কমিটির গত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দোকান বরাদ্দের ক্ষেত্রে মেয়রের ২৫ শতাংশ কোটার তালিকা এবং রসিদবিহীন অতিরিক্ত অর্থ আদায়সংক্রান্ত কাগজপত্র ডিসিসির কাছে চাওয়া হয়েছিল। কিন্তু ডিসিসি কর্তৃপক্ষ কোনো তথ্য দেয়নি। তাই গতকালের বৈঠকে দোকান বরাদ্দের ক্ষেত্রে মেয়রের ২৫ শতাংশ কোটা বাতিলের সুপারিশ এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে বলা হয়েছে।সংসদীয় কমিটি সূত্র জানায়, ডিসিসি ২০০৬ সালের ১৮ অক্টোবর এক দিনেই পাঁচ কর্মকর্তাসহ ১৯৯ জনের মৌখিক পরীক্ষাসহ নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করে। পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে এই নিয়োগ প্রক্রিয়া অবৈধ প্রমাণিত হয়েছে। এ ব্যাপারে সংসদীয় কমিটি ডিসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে।গতকালের বৈঠকে ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) নিয়েও আলোচনা হয়। কমিটি ড্যাপ বাস্তবায়নে স্থানীয় সাংসদ, উপজেলা পরিষদ ও অন্য জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার সুপারিশ করে।এ ছাড়া ঢাকা ওয়াসার জবাবদিহি নিশ্চিত করতে কমিটির পক্ষ থেকে মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, ওয়াসার উন্নয়নকাজ সঠিকভাবে তদারকি করা হয় না। এ প্রতিষ্ঠানটি বিভিন্ন রাস্তা খুঁড়ে দীর্ঘদিন ওই অবস্থায় ফেলে রাখে। এতে নগরবাসীকে দুর্ভোগে পড়তে হয়। কমিটির বৈঠকে আরও বলা হয়, ডিসিসি, ওয়াসা, রাজউক ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়হীনতার কারণে রাজধানীতে জলাবদ্ধতা বেড়েই চলেছে। পানির উৎসগুলো দূষিত হয়ে পড়ার কারণে নগরে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে।