মেয়রের মামলার কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতার অপব্যবহার ও নিয়োগসংক্রান্ত দুর্নীতির অভিযোগে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র সাদেক হোসেন খোকাসহ ১৩ জনের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম এক বছরের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল রোববার মামলা বাতিল চেয়ে পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ফজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে মামলাটি কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে দুদক ও সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়েছে। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এ মামলায় ৫ জুলাই হাইকোর্ট থেকে মেয়র সাদেক হোসেনসহ ১৩ জন জামিন পান। আদালতে তাঁদের পক্ষে আইনজীবী রফিক-উল হক ও রুহুল কুদ্দুস মামলা পরিচালনা করেন। গত ২৯ জুন দুদক তাদের বিরুদ্ধে মামলাটি করেন। এতে দুর্নীতির মাধ্যমে লোক নিয়োগ করে ডিসিসিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আনা হয়।