মেয়রের সই জাল করে ডিসিসির ৫০ হাজার বর্গফুট জায়গা বরাদ্দ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়রের সই জাল করে ডিসিসির তিনটি মার্কেটের প্রায় ৫০ হাজার বর্গফুট জায়গা (স্পেস) বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে। ডিসিসি এ অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করেছে। দুর্নীতি দমন কমিশনও (দুদক) পৃথকভাবে অভিযোগটির তদন্ত করছে।জানা গেছে, বনানী কমিউনিটি সেন্টার ও কাঁচাবাজার ভবনের চতুর্থ থেকে সপ্তম তলায় ২৪ হাজার বর্গফুট জায়গায় এক ব্যক্তি নির্মাণকাজ করতে গেলে মেয়রের সই জাল করে বরাদ্দের ঘটনা ধরা পড়ে। পরে কারওয়ার বাজার শিশুপার্ক আড়ৎ মার্কেটের পূর্ব পাশ এবং যাত্রাবাড়ী মুরাদ কমিউনিটি সেন্টার-সংলগ্ন বিপণির প্রথম ও দ্বিতীয় তলাসহ বিভিন্ন স্থানে এভাবে বরাদ্দের অভিযোগ প্রকাশ পায়।সূত্র জানায়, ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত ডিসিসির মেয়র সাদেক হোসেন খোকার সই জাল করে এভাবে জালিয়াতির মাধ্যমে জায়গা বরাদ্দ দেওয়ার ঘটনা ঘটে। এই জালিয়াতি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় ডিসিসির একটি চক্র। চলতি বছরের শুরুর দিকে জনৈক এম এ খান বেলাল নিজেকে বরাদ্দপ্রাপ্ত দাবি করে বনানী কমিউনিটি সেন্টার ও কাঁচাবাজার ভবনের চতুর্থ তলার ছাদ থেকে সপ্তম তলা পর্যন্ত চারটি ফ্লোরে নিজ খরচে নির্মাণকাজ করতে গেলে জালিয়াতির বিষয়টি ফাঁস হয়। ডিসিসির ম্যাজিস্ট্রেটদের বাধায় ওই নির্মাণকাজ বন্ধ রয়েছে। মেয়রের সই জাল করে ২০০৯ সালের জুলাই মাসে তাঁকে ওই চার ফ্লোরের প্রতিটিতে ছয় হাজার বর্গফুট করে জায়গা বরাদ্দ দেওয়া হয়। ওই ঘটনার পর প্রাথমিক অনুসন্ধানে জালিয়াতির মাধ্যমে জায়গা বরাদ্দ দেওয়ার আরও ঘটনা প্রকাশ পায়। সব মিলিয়ে ডিসিসির প্রায় ৫০ হাজার বর্গফুট জায়গা এভাবে বরাদ্দ দেওয়া হয়েছে।ডিসিসির এ সংক্রান্ত নথিতে বলা হয়, জালিয়াত চক্রটি বিভিন্ন মার্কেটের সাধারণ প্রবেশপথ, আলো-বাতাস প্রবেশের পথ, ছাদ, ফুটপাতও জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে বরাদ্দ দিয়েছে। কোথাও কোথাও পার্ক এবং মার্কেট-সংলগ্ন পার্কিংয়ের খালি জায়গাও এভাবে বরাদ্দ দেওয়া হয়েছে। এসব জায়গা বরাদ্দ নেওয়া ব্যক্তিরা ইতিমধ্যে সেখানে স্থায়ী অবকাঠামো নির্মাণ করে ব্যবসা-বাণিজ্যও করছেন।মেয়র জালিয়াতির ওই ঘটনা তদন্তে তাৎ ক্ষণিকভাবে একটি কমিটি গঠনের নির্দেশ দেন। ওই কমিটির প্রধান হলেন ডিসিসির প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা বিপন কুমার সাহা। জানা গেছে, এ কমিটি গত ছয় মাসেও তদন্তকাজ শুরু করতে পারেনি।বনানী কমিউনিটি সেন্টার ও কাঁচাবাজার ভবন জালিয়াতির মাধ্যমে বরাদ্দের বিষয়ে ডিসিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডিসিসির তৎ কালীন প্রধান সম্পত্তি কর্মকর্তা মশিউর রহমান ও কানুনগো মোহাম্মদ আলী এ ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে। জানা যায়, প্রশাসন ক্যাডারের উপসচিব মশিউর রহমান প্রেষণে ডিসিসিতে কর্মরত ছিলেন। ওই জালিয়াতির বিষয়টি ফাঁস হওয়ার পর চলতি বছরের শুরুতে তিনি বদলি হয়ে যান। আর মোহাম্মদ আলী কয়েক মাস ধরে পলাতক। অভিযোগ রয়েছে, তিনি ডিসিসির সম্পত্তি বিভাগ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল সরিয়ে ফেলেছেন।মেয়র সাদেক হোসেন খোকা এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘সই জাল করে দুর্নীতির ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঢাকা সিটি করপোরেশন এর তদন্ত করছে। এর বাইরে দুদকও এ ঘটনার তদন্ত করছে।’এ ব্যাপারে ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘তদন্ত শুরু হয়নি এটা ঠিক নয়। তদন্ত চলছে। আমরা আশা করছি, দ্রুততম সময়ে তদন্ত শেষ হবে।’ তিনি বলেন, দুদকও এসব অভিযোগের তদন্ত শুরু করেছে। তদন্ত-প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি (আগস্ট) মাসে ডিসিসি থেকে ছয়টি ফাইল জব্দ করে নিয়ে গেছেন দুদকের কর্মকর্তারা। এ ক্ষেত্রে ডিসিসির পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।