মেয়াদ বাড়ল, শুরু তিনটায়

ফাইল ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা ডুবে ঘনিয়ে এল আঁধার। তখনই বৃষ্টি নামল আচমকা। স্টলে-প্যাভিলিয়নে বেচাকেনা সবে জমে উঠেছে। বৃষ্টির ফোঁটা মাথায় পড়তেই সবাই দ্রুত পা চালালেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। বিক্রয় প্রতিনিধিরাও সামনে সাজিয়ে রাখা বইগুলোর ওপর পলিথিন বিছিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়লেন। তবে বৃষ্টি খুব বেশিক্ষণ স্থায়ী হলো না। কিন্তু একবার ছন্দপতন ঘটে গেলে আগের অবস্থা আর ফেরে না। ফলে গতকাল রোববার অমর একুশের বইমেলায় বেচাকেনা যেমনটা আশা করেছিলেন প্রকাশকেরা, তা হলো না। তবে মেলার মেয়াদ আনুষ্ঠানিকভাবে বৃদ্ধির ঘোষণা আসায় তাঁরা স্বস্তি বোধ করেছেন। গতকাল দুপুরেই সচিবালয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ অমর একুশের বইমেলার মেয়াদ ১৭ মার্চ পর্যন্ত বৃদ্ধির কথা জানিয়ে দেন।

করোনা অতিমারির কারণে এবার মেলা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি থেকে। মেয়াদ ছিল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা প্রথম আলোকে জানান, মেয়াদ বৃদ্ধির বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস ১৭ মার্চ মেলা শেষ হবে। এখন থেকে বেলা তিনটায় মেলা শুরু হবে এবং শেষ হবে রাত নয়টায়, প্রবেশ করা যাবে সাড়ে আটটা পর্যন্ত। শুক্র ও শনিবার শুরু হবে বেলা ১১টায় এবং ছুটির দিন সকালে এখন থেকে শিশুপ্রহর থাকবে।

প্রথমা প্রকাশনের স্টলে কথাশিল্পী আনিসুল হক তাঁর রক্তে আঁকা ভোর উপন্যাসের ক্রেতাদের অটোগ্রাফ দিচ্ছিলেন। তিনি বললেন, ‘গত বছর মেলা ভালো হয়নি। প্রকাশকেরা লোকসান দিয়েছেন। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার মেয়াদ বাড়িয়েছেন। এখন গ্রন্থানুরাগীদের এগিয়ে আসতে হবে। সবাইকে বাড়িতে একটি পাঠাগার গড়ে তুলতে হবে। আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। জ্ঞানার্জনের দিক থেকেও উন্নত হতে হবে।’

হুমায়ুন আজাদ স্মরণ

গতকাল ছিল বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদের ওপর মৌলবাদী চক্রের হামলার বার্ষিকী। ২০০৪ সালের এই দিনে বইমেলা থেকে ফেরার পথে তিনি হামলার শিকার হন। এ উপলক্ষে বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বর্ধমান হাউসের তথ্যকেন্দ্রের সামনে লেখক-পাঠক-প্রকাশকদের যৌথ উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়। শুরুতেই এক মিনিট নীরবতা পালন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান, একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা, বইমেলার সদস্যসচিব ড. জালাল আহমেদ, হুমায়ুন আজাদের মেয়ে মৌলী আজাদ, কবি আসলাম সানী, মোহন রায়হানসহ অনেকে বক্তব্য দেন। সভাপতিত্ব করেন প্রকাশক ওসমান গনি। তাঁরা হুমায়ুন আজাদের হত্যাচেষ্টার দ্রুত বিচার দাবি করেন। হুমায়ুন আজাদের কবিতা আবৃত্তি করেন শিপ্রা রহমান।

নতুন বই

গতকাল মেলার তথ্যকেন্দ্রে নতুন বইয়ের নাম এসেছে ৭২টি। প্রথমা প্রকাশন এনেছে মতিউর রহমান সম্পাদিত আলতাফ মাহমুদ: এক ঝড়ের পাখি। শহীদ সুরকার আলতাফ মাহমুদের আপনজনেরা তাঁকে নিয়ে স্মৃতিচারণা ও কাজের গভীর বিশ্লেষণ করেছেন এই বইতে। তাঁকে জানার জন্য বইটি অমূল্য সম্পদ। কথাপ্রকাশ এনেছে খালিকুজ্জামান ইলিয়াসের অনুবাদ ও ভূমিকাসংবলিত নিকোস কাজানজাকিসের জোরবা দ্য গ্রিক। পাঞ্জেরী এনেছে ড. মোহাম্মদ আমীনের পৌরাণিক শব্দের উৎস ও ক্রমবিবর্তন, স্বরবৃত্ত এনেছে সেলিনা হোসেনের মুক্তিযুদ্ধবিষয়ক বই একাত্তরের ঢাকা, পুঁথিনিলয় এনেছে রাতুল কৃষ্ণ হালদারের নির্বাচিত ছোটগল্প, চন্দ্রবিন্দু এনেছে পিয়াস মজিদের কাব্য অফ টপিক, অন্বেষা এনেছে ড. আহমেদ সুমনের গণমাধ্যমবিষয়ক প্রবন্ধ সংবাদ ও সাংবাদিকতা। স্বপ্ন’৭১ এনেছে শিল্পী ঘোষের ভ্রমণকাহিনি হঠাৎ প্রাপ্তি, জোনাকি এনেছে আনজীর লিটনের উপন্যাস নীল ঘোড়ার খেলা।

জীবনের গান

ছোটবেলা থেকেই তিনি ছিলেন বাউন্ডুলে ধরনের। স্কুলের পর বন্ধুদের সঙ্গে আড্ডাই ছিল প্রধান কাজ। হতে চেয়েছিলেন শিক্ষক, কিন্তু ভাগ্যের কালচক্রে হয়েছেন গায়ক। দেশের জননন্দিত কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী। তাঁর গায়কির মতোই দারুণ মনোমুগ্ধকর লেখায় আত্মস্মৃতি জীবনের গান প্রথমা প্রকাশন এবার এনেছে বইমেলায়।

কলের গান শুনেই সৈয়দ আব্দুল হাদীর সংগীতের প্রতি জাগে অগাধ ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই ধীরে ধীরে গানের জগতে প্রবেশ। অন্য গায়কদের সঙ্গে পাল্লা দিয়ে তিনি হয়ে উঠেছেন গানের জগতের এক অপ্রতিরোধ্য গায়ক। তাঁর জীবনসংগ্রাম, গানের জগতে প্রবেশ, মানুষের ভালোবাসা—সবই উঠে এসেছে এই বইয়ে। বইটি থেকে পাঠকেরা সৈয়দ আব্দুল হাদীর জীবন তো জানতে পারবেনই, পাশাপাশি জানতে পারবেন তৎকালীন গানের জগতের মানুষদের ইতিহাস।