হাসপাতাল থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিলাম, বিক্রি ও বাজারজাত বন্ধে কেন পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন।স্বাস্থ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিলামে বিক্রি করার উদ্যোগ-সংক্রান্ত একটি প্রতিবেদন গত শুক্রবার ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের প্রতিলিপি সংযুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুব শফিক ও কে এম হাফিজুল আলম এ বিষয়ে নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি গ্রহণের পর আদালত রুল জারি করেন।এ ব্যাপারে রিট আবেদনকারী মাহবুব শফিক বলেন, রুল জারির পাশাপাশি আদালত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিলাম ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী মাহবুব শফিক শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।