মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় তিনটিসহ মোট ১৪টি প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে রাজধানীর তিনটি ওষুধের দোকানকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া, পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা না থাকাসহ কয়েকটি কারণে আরও ১২টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল গতকাল সোমবার রাজধানীর মহাখালী কাঁচাবাজার ও ওয়্যারলেস গেট এলাকার ১৫টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই জরিমানা করে। অভিযান পরিচালনাকারী দলটি মহাখালী কাঁচাবাজারসংলগ্ন জনতা মেডিকেল হল, আহমেদ মেডিকেল হল ও জনসেবা ফার্মেসিতে অভিযান চালায়। সেখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় প্রতিষ্ঠান তিনটিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে, দলটি মহাখালী কাঁচাবাজারের জসীম, দেলোয়ার ও শাহাবুদ্দিনের পানের দোকান এবং ওয়্যারলেস গেট এলাকার শ্যামলী ড্রাগস, হোসেন বেকারি অ্যান্ড কনফেকশনারি-১ ও ২ এবং সায়ান ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান চালায়। এসব প্রতিষ্ঠানে হারম্যান মেওনেজ, পজি প্লাস, ক্রাউন এনার্জি ড্রিংকসহ কিছু পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা ছিল না। এই অপরাধে প্রতিষ্ঠানগুলোকে মোট ৫২ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর মহাখালী বাজারের চাঁদপুর ট্রেডার্স, ইয়াসিন ট্রেডার্স, সেলিম রাইস ভান্ডার ও ফিরোজ ট্রেডার্সে অভিযান চালায় দলটি। এসব প্রতিষ্ঠানের বাটখারায় ওজন কম থাকায় প্রতিষ্ঠানগুলোকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপসচিব আবু তালেব। এ সময় মৎস্য অধিদপ্তর ও কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি উপস্থিত ছিলেন। অভিযানে সহায়তা করে র্যাব ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল।