মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদোত্তীর্ণ খাদ্যের উৎপাদনের তারিখ উঠিয়ে ভুয়া তারিখ বসানোর অপরাধে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।পণ্যের মান নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) গতকাল মঙ্গলবার রাজধানীতে এই ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে।বিএসটিআই সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত গতকাল গুলশান এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৭০০ প্যাকেট মেয়াদোত্তীর্ণ বিস্কুট, লজেন্স ও চিপস উদ্ধার করেন। মো. করিম (৫০) নামের এক ব্যক্তি এসব মেয়াদোত্তীর্ণ পণ্যের গায়ে লেখা উৎপাদনের তারিখ উঠিয়ে নতুন করে ভুয়া তারিখ বসাচ্ছিলেন। ভ্রাম্যমাণ আদালত মো. করিমকে ছয় মাসের কারাদণ্ড দেন। আদালত পরে জব্দ করা মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যের প্যাকেট ধ্বংস করেন। একই আদালত পরে চানখাঁরপুল বাসস্ট্যান্ডের কাছে বারো আউলিয়া ডেইরি মিল্ক অ্যান্ড ফুডসে অভিযান চালান। প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের মান সনদ না নিয়ে চানাচুর ও চাটনি উৎপাদন এবং তা বাজারজাত করছিল। ভ্রাম্যমাণ আদালত দোকান মালিকের কাছ থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন।ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীন। র‌্যাব-৩ ও স্থানীয় পুলিশ আদালতের কার্যক্রমে সহায়তা করে।