মেয়েকে এসিড মারল মাকে গুলি করল একই সন্ত্রাসী দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগে গতকাল রোববার বিকেলে সন্ত্রাসীরা মাফিয়া আক্তার (৪৫) নামে এক নারীকে গুলি করে আহত করেছে। অভিযোগ রয়েছে, গত ৩০ জানুয়ারি ওই সন্ত্রাসীরাই তাঁর মেয়ের শরীরে এসিড ছুড়েছিল। গৃহবধূর পরিবার ও পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেল পাঁচটার দিকে মাফিয়া আক্তার রিকশায় চড়ে বাসাবোর বাসায় ফিরছিলেন। একপর্যায়ে মালিবাগে খিদমা হাসপাতালের কাছে তিন সন্ত্রাসী পেছন থেকে মাফিয়াকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। তাঁর পিঠে গুলি লাগে। ঘটনাস্থলে তিনি পড়ে যান। সংকটজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। গৃহবধূর পরিবার জানায়, চলতি বছরের ৩০ জানুয়ারি তিন সন্ত্রাসী মাফিয়ার মেয়ে সনিয়াকে এসিড মারে। তাদের অভিযোগ ওই তিন সন্ত্রাসী পলিথিন বাবুর লোক। এই ঘটনায় সনিয়ার বাবা আবদুল খালেক পলিথিন বাবুসহ ছয়জনকে আসামি করে সুবজবাগ থানায় মামলা করেন। এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ কারাগারে পাঠায়। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।