মেয়েদের বন্ধুত্বের 'শক্তি নেটওয়ার্ক'-এর বর্ষপূর্তি

রাজধানীর রমনা এলাকার ইউরো এশিয়ানো রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল মেয়েদের এলাকাভিত্তিক একটি বন্ধুত্বের নেটওয়ার্ক ‘শক্তি নেটওয়ার্ক’-এর এক বছর পূর্তির অনুষ্ঠান। আজ শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অনুষ্ঠানে অংশ নেন শক্তির বিভিন্ন এলাকার সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা। নেচে-গেয়ে আনন্দ উদ্যাপন করেন তাঁরা।
শক্তির প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়াসমিন হক, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও ডাটা সফটের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান, বাংলাদেশ মহিলা পরিষদের অর্থ সম্পাদক দিল আফরোজ বেগম, পেশাজীবী নারী সমাজের সাধারণ সম্পাদক আফরোজা হক লীনা, এএসপি মাশরুফ হোসেনসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।
উৎসবের শুরু হয় সবাই মিলে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে। এরপর শক্তির জন্মদিন উপলক্ষে সবার পাঠানো ভিডিও বার্তা ও শক্তির কার্যক্রম নিয়ে বিস্তারিত একটি পরিবেশনার পর অতিথিরা তাঁদের বক্তব্য দেন। অতিথিদের সম্মাননা জানানো হয় উত্তরীয়, ব্যাজ, ফুল দিয়ে এবং তাঁদের হাতে তুলে দেওয়া হয় শক্তির আমার শহর ক্যাম্পেইনের পোস্টার। এর ফাঁকে চলতে থাকে শক্তির বিভিন্ন এলাকার সদস্যদের সঙ্গে পরিচিতি। দুপুরের খাওয়ার পর শুরু হয় শক্তির সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে ড. মুহম্মদ জাফর ইকবাল ও ড. ইয়াসমিন হকের উপস্থিতিতে শক্তির জন্মদিনের কেক কাটা হয়।
শক্তি মেয়েদের এলাকাভিত্তিক একটি বন্ধুত্বের নেটওয়ার্ক। একই এলাকার মেয়েদের নিজেদের মধ্যে সরাসরি যোগাযোগ আর সামনাসামনি পরিচয় ঘটিয়ে দিয়ে বন্ধুত্ব তৈরি করার জন্য কাজ করছেন তাঁরা। এলাকার মেয়েরা ছোট ছোট গ্রুপ তৈরি করে নিজেরা আড্ডা দেন, একসঙ্গে বেড়ান, কাজে বের হন। মোটকথা, একসঙ্গে থেকে যেন কোনো বিপদে বা প্রয়োজনে তাঁরা একা না হয়ে পড়েন। ঢাকার বিভিন্ন এলাকার গ্রুপগুলোর মধ্যে যোগাযোগ রক্ষা করা হয়, যেন অন্য এলাকায় গিয়ে কোনো মেয়ে বিপদে পড়লে তাঁর পাশে দাঁড়ানোর বন্ধু থাকে। এভাবেই ছড়িয়ে যাচ্ছে নেটওয়ার্কটি।
ঢাকায় এখন পর্যন্ত শান্তিনগর, ইস্কাটন, ফার্মগেট, কল্যাণপুর, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, খিলগাঁও, উত্তরা, গুলশান, নীলক্ষেত—এই কয়টি এলাকায় শক্তির গ্রুপ রয়েছে। শক্তির সাড়া জাগানো কার্যক্রমগুলোর মধ্যে ‘পাওয়ার ক্যাম্প: নেতৃত্ব গঠন ও আত্মরক্ষার প্রশিক্ষণ’, পথে নারীর নিরাপত্তা নিশ্চিতে পোস্টার ইভেন্ট ‘আমার শহর’ এবং নিয়মিত রেডিও শো ‘হাত বাড়ালেই শক্তি’ উল্লেখযোগ্য।