মোগল প্রাসাদের যে নারীরা ইতিহাসে সেভাবে ঠাঁই পাননি

দি মোগল এভিয়ারি: উইমেনস রাইটিংস ইন প্রি–মডার্ন ইন্ডিয়া বইয়ের উন্মোচন অনুষ্ঠানে লেখকসহ অতিথিরা। ৪ জুলাই, ঢাকাছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মোগল সম্রাট বাবরের ছোট মেয়ে গুলবদন বেগম হুমায়ুন নামা লিখেছিলেন। সম্রাট আওরঙ্গজেবের বড় মেয়ে জেব–উন নেসা গজল ও কবিতা লিখতেন। সম্রাট শাহজাহানের বড় মেয়ে জাহানারা বেগম দুজন সুফি সাধকের জীবনী লিখেছেন। কাশ্মীরের রানি হাব্বা খাতুনের লেখা গান এখনো কাশ্মীরের মাঠেঘাটে সাধারণ মানুষের কণ্ঠে কণ্ঠে। এই নারীরা মূলত তাঁদের লেখনীর মাধ্যমে মোগল সাম্রাজ্যের ইতিহাস লিখে গেছেন। তবে ইতিহাসে এই নারীরা ঠাঁই পাননি। অবহেলা, অবজ্ঞায় তাঁরা হারিয়ে যেতে বসেছেন।

দি মোগল এভিয়ারি: উইমেনস রাইটিংস ইন প্রি–মডার্ন ইন্ডিয়া শিরোনামের বইটিতে ইতিহাসের এই নারীদের মেধা ও ইতিহাসনির্ভর সত্য তথ্যগুলোকে আবার তুলে এনেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সাবিহা হক। বইটির বাংলাদেশ সংস্করণ প্রকাশ করেছে দি ইউনির্ভাসিটি প্রেস লিমিটেড (ইউপিএল)।

আজ সোমবার রাজধানীর গ্রিন রোডে ইউপিএলের কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অধ্যাপক সাবিহা হক বলেন, গবেষক, শিক্ষক এবং নিজে একজন নারী হিসেবে ইতিহাসের এই নারীদের সঠিক তথ্য পাঠকের সামনে তুলে ধরাকে দায়িত্ব মনে করে তিনি ইতিহাসভিত্তিক গবেষণাধর্মী বইটি লিখেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, বইটিতে ইতিহাস ও সাহিত্যের মিশ্রণ ঘটেছে। গবেষকেরা বিষয়–বৈচিত্র্যের অভাবে পাঠকের সঙ্গে ভালো যোগাযোগ ঘটাতে পারেন না। সাবিহা হক পাঠকের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও এগিয়ে আছেন।

বইটির ভূমিকা লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সোনিয়া নিশাত আমিন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তিনি অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন। তিনি বলেন, ইতিহাস ও সাহিত্যে নারীর অবদান যে শুধু অনুপস্থিত থাকে তাই নয়; উপস্থিত থাকলেও বিকৃতভাবে উপস্থাপন করা হয়। মোগল আমল নিয়ে এমনিতে চর্চা কম, আর সেই আমলের নারীদের নিয়ে চর্চা আরও কম।

অধ্যাপক সাবিহা হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ফকরুল আলমের সরাসরি ছাত্রী ছিলেন। আলোচনায় অংশ নিয়ে ফকরুল আলম বলেন, শুধু মোগল আমল নয়, এখনো নারীদের নানান সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়। বইটিতে সাবিহা হক ইতিহাসের এমন নারীদের কথা তুলে ধরেছেন, যাঁদের কথা অনেকেই জানেন না। বইটির একটি বাংলা সংস্করণ প্রকাশ করা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

সাবিহা হকের বইটি প্রথমে যুক্তরাষ্ট্রের ভারনন প্রেস থেকে প্রকাশিত হয়। ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দীন বলেন, গবেষকদের বই দেশের বাইরে থেকে প্রকাশ হলে দেশের পাঠকদের অনেকে বঞ্চিত হন। দাম হাতের নাগালে রাখা এবং বইটিকে সহজলভ্য করার জন্য বাংলাদেশ সংস্করণ প্রকাশে তাঁরা আগ্রহী হন। এ ছাড়া বইটির বিষয়বস্তু, বিশ্লেষণ—সব মিলে এটি পাঠকপ্রিয়তা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপিএলের সম্পাদনা বিভাগের সম্পাদক নাসরিন আক্তার।