রাজধানীতে গত সোমবার রাতভর অভিযান চালিয়ে সিএনজিচালিত ২৯টি চোরাই অটোরিকশাসহ ২৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। একই রাতে মিরপুর থেকে গাড়িচোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি গাড়ি ও চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। র্যাব ও পুলিশ সূত্র এ কথা জানিয়েছে। র্যাব জানায়, গত সোমবার রাতে অভিযান চালিয়ে তারা সিএনজিচালিত ২৯টি অটোরিকশাসহ ২৫ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সবাই অটোরিকশা চোর চক্রের সদস্য বলে দাবি করেছে র্যাব। গতকাল র্যাব-১০-এর ধলপুরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই ব্যক্তিদের হাজির করা হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, বেশ কিছুদিন ধরে ঘটনার শিকার অটোরিকশার মালিকদের কাছ থেকে তথ্য সংগ্রহের পর গত সোমবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত টানা অভিযান চালায় র্যাব। রাজধানীর যাত্রাবাড়ী, শ্যামপুরসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তারা এসব অটোরিকশা উদ্ধার করে। র্যাব-১০-এর স্কোয়াড্রন লিডার এম তাহিদুল ইসলাম ও জ্যেষ্ঠ পুলিশ সুপার মো. বেলায়েত এ অভিযানে নেতৃত্ব দেন।র্যাব-১০-এর সহকারী পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী জানান, এই গাড়িগুলো যাঁদের দখলে ছিল, তাঁদের কেউই গাড়ির মালিকানার বৈধ কাগজ দেখাতে পারেননি। এঁদের জিজ্ঞাসাবাদ করে ঢাকার অটোরিকশা চোর চক্রের আরও সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মোশারফ হোসেন, মনির হোসেন, আবদুর রাজ্জাক, মিন্টু, আবদুল আজিজ, রুবেল, আবদুল বারেক, শাহাদাত হোসেন, হারুন-অর-রশিদ, কামাল হোসেন, জাকিরুল ইসলাম, ফিরোজ, টুকু মিয়া, কামরুল ইসলাম, নেছার উদ্দিন মন্টু, দিল মোহাম্মদ, ফারুক সরকার, নজরুল ইসলাম, সানারুল ইসলাম, আবুল কাশেম, লাল মিয়া, ইসমাইল, আবুল বাশার, খলিল মিয়া ও সোহেল মিয়া।এদিকে, মিরপুর থেকে পাঁচজন গাড়ি চোরকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে চারটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো: লাল চাঁন, মো. পারভেজ, সুমন, জাকির ও চান মিয়া। অন্যদিকে, সোমবার রাতে মিরপুর থেকে গাড়িচোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত আটটার দিকে পাইকপাড়াসংলগ্ন সড়ক থেকে একটি মোটরসাইকেলসহ লাল চান ও পারভেজকে গ্রেপ্তার করে মিরপুর থানা পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ওই দিন রাত ১২টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জের ফতুল্লা থানার শিবু মার্কেট এলাকা থেকে তিনটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা গাড়ি চোর চক্রের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।