মোটরসাইকেল মহড়া দুই সভাপতি প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলা ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে চলছে প্রার্থীদের মোটরসাইকেল মহড়া। গতকাল এ মহড়া দেন সভাপতি পদপ্রার্থী জাকারিয়া খন্দকারের সমর্থকেরা l ছবি: প্রথম আলো
বগুড়ার ধুনট উপজেলা ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে চলছে প্রার্থীদের মোটরসাইকেল মহড়া। গতকাল এ মহড়া দেন সভাপতি পদপ্রার্থী জাকারিয়া খন্দকারের সমর্থকেরা l ছবি: প্রথম আলো

বগুড়ার ধুনট উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন ২৫ জুলাই। এ সম্মেলনকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সভাপতি পদপ্রার্থী মাইদুল ইসলাম ১৬০টি মোটরসাইকেল নিয়ে বিভিন্ন ইউনিয়নে দিনভর মহড়া দেন। এ কারণে আরেক সভাপতি পদপ্রার্থী জাকারিয়া খন্দকারও গতকাল শনিবার প্রায় ২০০ মোটরসাইকেল নিয়ে মহড়া দেন।

উপজেলা ছাত্রলীগ সূত্রে জানা যায়, ২০১২ সালের ৫ মে উপজেলা ছাত্রলীগের সর্বশেষ বার্ষিক সম্মেলন হয়। এ সম্মেলনে ইকবাল হাসান সভাপতি ও মাইদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে বগুড়ার ১০টি উপজেলায় ছাত্রলীগের সম্মেলন হচ্ছে। ধুনটে ২৫ জুলাই উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন ঘোষণা দিয়েছে জেলা ছাত্রলীগ। এ সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এর মধ্যে উপজেলা ছাত্রলীগের বর্তমান সম্পাদক মাইদুল এবার সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন। তাঁর সঙ্গে সম্পাদক হিসেবে প্রার্থী হয়েছেন সুজন কুমার সাহা। এদিকে সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে প্রচার-প্রচারণায় অংশ নিয়েছেন জাকারিয়া খন্দকার, তাঁর সঙ্গে সম্পাদক হিসেবে প্রার্থী হয়েছেন আবু সালেহ। সম্মেলনকে কেন্দ্র করে গত বৃস্পতিবার মাইদুল ১৬০টি মোটরসাইকেলের বহর নিয়ে দিনভর বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে প্রচার-প্রচারণা চালান। পরে জাকারিয়া ২০০টি মোটরসাইকেলের বহর নিয়ে গতকাল দিনভর বিভিন্ন ইউনিয়নে পাল্টা মহড়া দেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল বলেন, মাইদুল ২৫ জুলাই সম্মেলনে সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে ছাত্রলীগকে দুভাবে বিভক্ত করে মোটরসাইকেল মহড়া দিয়েছেন। তাঁকে দেখেই অন্য প্রার্থীরা পাল্টা একইভাবে মোটরসাইকেল মহড়া দিচ্ছেন। তবে মাইদুল বলেন, ইকবাল দলের মধ্যে আগে থেকেই বিভক্তি সৃষ্টি করেছেন।

জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রহমান বলেন, সম্মেলনের প্রচার-প্রচারণার জন্য প্রার্থীরা বিভিন্ন ইউনিয়ন বা অন্য নেতা-কর্মীদের সঙ্গে দেখা করতে যান। এ সময় হয়তো সেই প্রার্থীর সমর্থকেরা তাঁর সঙ্গে নিজ উদ্যোগে মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন। এটাকে মোটরসাইকেলের মহড়া বলা যায় না।