মোটরসাইকেলে শিশুদের নিয়ে ঝুঁকিপূর্ণ যাত্রা
গত বছরের ১১ মার্চ স্ত্রী স্মৃতি হায়দার ও মেয়ে আমেনাকে (১১ মাস) মোটরসাইকেলে বসিয়ে বাসায় ফিরছিলেন আবদুল্লাহ হায়দার। বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় বাসের চাপায় মৃত্যু হয় স্মৃতির। তাঁর কোল থেকে সড়কে ছিটকে পড়ে মারা যায় শিশু আমেনা। ছিটকে পড়েও বেঁচে যান আবদুল্লাহ।পরের দিন ১২ মার্চ ঘটে প্রায় একই ধরনের ঘটনা। খালু আবু মিয়া আহমদের সঙ্গে মোটরসাইকেলে বসে মুন্সিগঞ্জে গ্রামের বাড়িতে যাচ্ছিল সাত বছরের শিশু সেবা আক্তার। সেবার পেছনে ছিল আবুর দোকানের এক কর্মচারী। সোয়ারিঘাট এলাকায় মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে আবু ও তাঁর কর্মচারী বেঁচে গেলেও সড়কে ছিটকে পড়ে মারা যায় সেবা।যোগাযোগ করলে বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হাসিব মোহাম্মদ আহসান বলেন, বর্তমানে সপরিবারে বাসে ওঠা দুঃসাধ্য। মাঝেমধ্যে সিএনজি অটোরিকশা ও ট্যাক্সি ক্যাব পেলেও তা সাধ্যের মধ্যে থাকে না। ফলে যাঁরা গাড়ি কিনতে পারছেন না, তাঁরা মোটরসাইকেল ব্যবহার করছেন। সপরিবারে মোটরসাইকেল ব্যবহার করছেন। তিনি বলেন, শিশুদের মোটরসাইকেলে বসিয়ে যাতায়াত বন্ধ করতে সরকারকেই কার্যকর উদ্যোগ নিতে হবে। অভিভাবকদেরও সচেতন হতে হবে।এ প্রসঙ্গে কথা হয় ঢাকা শিশু হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ হানিফের সঙ্গে। তিনি বলেন, মোটরসাইকেলে চড়ার ফলে প্রাণহানির ঝুঁকি ছাড়াও শিশুদের বেশ কিছু শারীরিক সমস্যা হতে পারে। বাতাসে থাকে কার্বন মনো-অক্সাইড গ্যাসসহ বিপুল ধুলাবালি। এতে শিশুদের অ্যালার্জিজনিত রোগ ছাড়াও ফুসফুসে দীর্ঘমেয়াদি সমস্যা দেখা দিতে পারে। অ্যাজমা থাকলে তা দীর্ঘস্থায়ী হতে পারে।শিশুদের নিয়ে মোটরসাইকেলে চলাফেরায় উদ্বিগ্ন ট্রাফিক পুলিশও। ট্রাফিক পুলিশের কয়েকজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মোটরসাইকেল দূরের কথা, উন্নত দেশে আট বছরের কম বয়সী বাচ্চাদের গাড়ির সামনের সিটে বসানোও নিষিদ্ধ। এখানে মোটরসাইকেলে ঝুঁকিপূর্ণভাবে শিশুদের বসানো হচ্ছে। এ ব্যাপারে অনেক দেশে আইনগত নিষেধাজ্ঞা থাকলেও এ দেশে নেই। এ কারণে তাঁরা আইনগত কোনো পদক্ষেপও নিতে পারেন না।ট্রাফিক পুলিশের উপকমিশনার (ডিসি-পশ্চিম) ইকরামুল হাবিব বলেন, এখন সদ্যোজাত শিশুদেরও মোটরসাইকেলে ওঠানো হচ্ছে। হেলমেটও পরানো হয় না। তিনি আরও বলেন, এ জন্য প্রয়োজন আইন ও এর কঠোর বাস্তবায়ন।