গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশুর গ্রেপ্তারের প্রতিবাদ ও তাঁর মুক্তির দাবি জানিয়েছে দেশের বিশিষ্ট নাগরিক ও বেশ কয়েকটি সংগঠন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদের স্বাক্ষর করা এক যৌথ বিবৃতিতে এই দাবি জানানো হয়। মোশরেফা মিশুর গ্রেপ্তারকে বেআইনি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, মিশুকে ১৩ ডিসেম্বর দিবাগত রাত সোয়া একটায় পুলিশের ১২ জনের মতো একটি দল আটক করে। পুলিশের গোয়েন্দা শাখার লোক বলে দাবি করে তারা মিশুকে অজানা গন্তব্যে নিয়ে যায়। মিশুর বোনের ক্রমাগত দাবির মুখেও তারা কোনো গ্রেপ্তারি পরোয়ানা দেখাতে পারেনি, উপরন্তু তারা তাঁকে জোর করে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। মোশরেফা মিশুকে শুধু পোশাক পাল্টানোর সময় দেওয়া হলেও, সঙ্গে তাঁর জরুরি ওষুধগুলো নিতে দেওয়া হয়নি। বিবৃতিতে বলা হয়, ‘আমরা তাঁর এই বেআইনি গ্রেপ্তারের প্রতিবাদ করছি এবং অবিলম্বে তাঁর মুক্তি দাবি করছি।’বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, মানবাধিকারকর্মী হামিদা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আকমল হোসেন, এম এম আকাশ, গীতি আরা নাসরিন, রোবায়েত ফেরদৌস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাসিম আখতার হোসেন, সাঈদ ফেরদৌস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেলিম রেজা নিউটন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের খলীকুজ্জামান ইলিয়াস, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফেরদৌসি আজিম। এ ছাড়া স্বাক্ষর করেন খুশী কবির, ফারাহ কবীর ও রেহনুমা আহমেদ।