রাজধানীর মোহাম্মদপুর ও শান্তিনগর বাজারে গতকাল বুধবার অভিযান চালিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। নির্ধারিত দামের চেয়ে অধিক দামে পণ্য বিক্রি ও দোকানে মূল্যতালিকা না টাঙানোয় অভিযানকালে এ দুই বাজারের ১৮টি দোকানকে দুই লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদের মধ্যে মোহাম্মদপুর টাউন হল মার্কেটের সাতটি ও শান্তিনগর বাজারের ১১টি দোকান রয়েছে।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদল ভ্রাম্যমাণ আদালতের অভিযানের আগে ক্রেতা সেজে ওই সব দোকানে গিয়ে দাম জানতে চান। বেশি দাম চাওয়ায় এবং মূল্যতালিকা না থাকায় আদালত দোকানগুলোতে যান এবং এসব অপরাধে জরিমানা করেন।বেলা সোয়া ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত মোহাম্মদপুর টাউন হল মার্কেটের মেসার্স নাসিমা জেনারেল স্টোরে অভিযান চালান। সরকার ও ব্যবসায়ী সংগঠন প্রতি কেজি সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরামূল্য ৮০ টাকা নির্ধারণ করলেও ওই দোকানি চান ৮৪ টাকা। এ কারণে আদালত দোকানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। চিনি, ভোজ্যতেলের মূল্যতালিকা টাঙানো না থাকায় এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় ওই মার্কেটের শাকিল জেনারেল স্টোর ও যশোর ট্রেডার্সকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় মামণি ভ্যারাইটিজ স্টোর ও নিউ হক ভ্যারাইটি স্টোরকেও ২৫ হাজার টাকা করে জরিমানা করেন আদালত।মূল্যতালিকা না থাকায় আদালত নিউ লস্কর জেনারেল স্টোরকে সতর্ক করেন। মূল্যতালিকা টাঙানো না থাকা এবং বেশি দামে পণ্য বিক্রির অপরাধে পাশের মেসার্স রাব্বি জেনারেল স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নির্ধারিত মূল্য ২৫০ টাকার স্থলে ২৬০ টাকায় প্রতি কেজি গরুর মাংস বিক্রি করায় আদালত রামগঞ্জ মাংসের দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।অভিযানে অংশ নেওয়া বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, পাইকারি বাজারে দাম নির্ধারণ না থাকায় অভিযান কার্যক্রম ব্যাহত হচ্ছে। কারণ খুচরা ব্যবসায়ীরা বেশি দামে পণ্য কেনার রসিদ দেখাচ্ছেন। এ বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন বলেন, সরকার ও ব্যবসায়ী সংগঠনের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি ও ভোজ্যতেল বিক্রি করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটি লঙ্ঘন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ও ৩৮ ধারায় কয়েকটি দোকানকে জরিমানা করা হয়েছে।অপর একটি ভ্রাম্যমাণ আদালত শান্তিনগর বাজারে অভিযান চালান। অভিযানকালে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে চিনি বিক্রি করায় এখানকার আবদুল হাই স্টোর, মতলব স্টোর, নিউ কাজী জেনারেল স্টোর, অনুপম স্টোর, চৌধুরী ট্রেডার্স, মক্কা স্টোর, পপুলার স্টোর, বাতেন স্টোর, কুদ্দুস স্টোর এবং সাহাবুদ্দিন জেনারেল স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অধিক মূল্যে সয়াবিন তেল ও সুপারপাম বিক্রি করায় মেসার্স মৌসুমী ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত।