মোহাম্মদপুরে গৃহবধূর পোড়া লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাসা থেকে পুলিশ গতকাল মঙ্গলবার সকালে রোমেছা বেগম (৩০) নামের এক গৃহবধূর পোড়া লাশ উদ্ধার করেছে। পুলিশ সন্দেহ করছে, রোমেছার স্বামী তাঁকে পুড়িয়ে হত্যা করেছেন। রোমেছার গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রায়। বিবাহিত জীবনে তিনি নিঃসন্তান ছিলেন।পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে তাজমহল রোডের সি ব্লকের ১২/১৩ নম্বর বাড়ির ভাড়া বাসা থেকে গৃহবধূ রোমেছার লাশ উদ্ধার করা হয়। গৃহবধূর শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। গৃহবধূ রোমেছার ভাই লিটন লস্কর মর্গের কাছে সাংবাদিকদের জানান, গত সোমবার রাশেদ তাঁর ছোট ভাই ডাবলু লস্করকে ফোন করে জানান, ‘তোমার বোন গুরুতর অসুস্থ, দ্রুত ঢাকায় চলে এসো।’ এরপর ডাবলু নড়াইল থেকে বাসে সোমবার রাতেই ঢাকায় আসেন। তাজমহল রোডে বাসার সামনে রাশেদের সঙ্গে ডাবলুর দেখা হয়। বাসার চাবি দিয়ে ডাবলুকে বাসায় যেতে বলে রাশেদ কাজের বাহানা করে উধাও হয়ে যান। ডাবলু তালা খুলে ভেতরে ঢুকে দেখেন মেঝেতে রোমেছার পোড়া লাশ পড়ে আছে। এ সময় মোহাম্মদপুর থানায় জানানো হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। রোমেছা তিন বছর আগে মোহাম্মদপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন। সেই সময় রাশেদের সঙ্গে পরিচয় এবং পরে বিয়ে হয়। এরপর রোমেছাকে নিয়ে রাশেদ তাজমহল রোডের ওই ভাড়া বাসায় ওঠেন। মোহাম্মদপুরে রাশেদের রিকশার ব্যবসা আছে। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ মিয়া প্রথম আলোকে জানান, রাশেদ পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।