মোহাম্মদপুরে গৃহবধূর মৃত্যু
রাজধানীর মোহাম্মদপুরে জান্নাতুল নাঈমা ওরফে রত্না (২১) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি সরকারি বাঙলা কলেজে স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।পরিবারের অভিযোগ, নাঈমাকে তাঁর স্বামী বিষ খাইয়ে হত্যা করেছেন। পুলিশ বলছে, স্বামী জসীমের প্ররোচনায় নাঈমা আত্মহত্যা করেছেন। ঘটনার পর থেকে জসীম পলাতক।নাঈমার পারিবারিক সূত্র জানায়, দুই বছর আগে নাঈমা বাঙলা কলেজে তাঁর সহপাঠী জসীম উদ্দিনকে ভালোবেসে বিয়ে করেন। কিছুদিন যেতে না-যেতেই তিন লাখ টাকা যৌতুকের জন্য নাঈমাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন জসীম। নির্যাতনে অতিষ্ঠ হয়ে নাঈমা তাঁর স্বামীর বাসা ছেড়ে মোহাম্মদপুরের বিজলী মহল্লায় বাবার বাসায় চলে আসেন।নাঈমার মা রাবেয়া বেগম জানান, গতকাল শনিবার দুপুরে জসীম মুঠোফোনে নাঈমাকে বিজলী মহল্লার একটি মাঠে ডেকে নিয়ে যান। কিছু সময় পর সেখান থেকে নাঈমা বাসায় ফিরে মেঝেতে লুটিয়ে পড়েন। তাঁর মুখ থেকে লালা বের হচ্ছিল এবং অস্বাভাবিক গন্ধও পাওয়া যাচ্ছিল। এ অবস্থায় তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় নাঈমার মৃত্যু হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম প্রথম আলোকে বলেন, নাঈমার মায়ের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।