মোহাম্মদপুরে গ্যাসের চুলার আগুনে মা–ছেলে দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুন
প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে আগুন ছড়িয়ে পড়ে মা দগ্ধ হয়েছেন। মাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছে তাঁর ছেলে। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

দগ্ধ মায়ের নাম আম্বিয়া খাতুন (৪৫)। তাঁর ছেলের নাম মো. কাজল (১৬)। আম্বিয়ার বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার বউলা গ্রামে। তাঁর স্বামী রিকশাচালক।

আম্বিয়ার জামাই (মেয়ের স্বামী) নুর আলম বলেন, তাঁর শাশুড়ি গ্যাসের চুলায় রান্নার জন্য দেশলাই জ্বালাতে যান। এ সময় আগুন ছড়িয়ে পড়ে। আম্বিয়ার চিৎকার শুনে তাঁর ছেলে কাজল আগুন নেভাতে যায়। সে–ও দগ্ধ হয়‌।

গ্যাসের সিলিন্ডারে লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নুর আলমের ধারণা।

দগ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে সকাল পৌনে আটটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য আনা হয়। আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন বলেন, আম্বিয়ার শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তিনি চিকিৎসাধীন। কাজলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।