মোহাম্মদপুরে ট্রাক চাপায় তরকারি বিক্রেতা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা রোডে গতকাল বুধবার ভোরে ট্রাকের চাপায় এক তরকারি-বিক্রেতা নিহত হয়েছেন। তাঁর নাম কাজল বেপারী (৪৫)। মোহাম্মদপুর থানা সূত্র জানায়, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে বছিলা রোড পার হওয়ার সময় বেপরোয়াগতির একটি ট্রাক কাজলকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। নিহত কাজলের স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান বিশ্বাস বলেন, চালক কাজলকে চাপা দিয়ে পালিয়ে গেছেন। কাজল সপরিবারে মোহাম্মদপুর থানার কাদিরাবাদ হাউজিংয়ে থাকতেন। গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস গ্রামে।