চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল সোমবার মোহাম্মদপুরে শোভাযাত্রা এবং পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম চালানো হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৫-এর স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়।
সকাল ১০টায় শুরু হওয়া শোভাযাত্রা মোহাম্মদপুরের টাউন হল, শেরশাহশুরী রোড, সলিমুল্লাহ রোড ও আজম রোড প্রদক্ষিণ করে। এ সময় সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়। শোভাযাত্রা শেষে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ডিএনসিসি অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমান, ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিকুল ইসলাম, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা দেওয়ান মো. শাখাওয়াত হোসেন ও নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুল খালেক মজুমদার।
এস এম অজিয়র রহমান বলেন, দ্রুত মশক নিধনকর্মীদের কর্ম এলাকা সুনির্দিষ্ট করা হবে। তাঁদের মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।