মোহাম্মদপুরে লোকাল বাসে বাড়তি ভাড়া, যাত্রীরা ক্ষুব্ধ
রাজধানীর মোহাম্মদপুর-চিটাগাং রোড পর্যন্ত চলাচলকারী লোকাল বাসগুলোতে হঠাত্ ভাড়া বাড়িয়ে দিয়েছেন মালিকেরা। সরকার গত এক বছরে রাজধানীতে বাসের ভাড়া বাড়ায়নি, তেলের দামেও কোনো পরিবর্তন হয়নি। অথচ হুট করে বাসের মালিকেরা ভাড়া বাড়িয়ে দেওয়ায় যাত্রীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ নিয়ে বাসশ্রমিকদের সঙ্গে ক্ষুব্ধ যাত্রীদের বচসাও হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, ওই পথে চলাচলকারী ৩৬ নম্বর (আগে ১২ নম্বর রুট ছিল) আর্ক পরিবহনের বাসগুলোতে মোহাম্মদপুর থেকে ফার্মগেট পর্যন্ত চার টাকা ভাড়া আদায় করা হচ্ছে। এই পথে আগে ভাড়া ছিল তিন টাকা। একইভাবে মোহাম্মদপুর থেকে চিটাগাং রোড পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে ২০ টাকা। আগে ছিল ১৫ টাকা। মোহাম্মদপুর থেকে পল্টন পর্যন্ত ভাড়া দুই টাকা বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। জানা গেছে, পয়লা ফেব্রুয়ারি থেকে নতুন ভাড়ার হার কার্যকর করা হয়েছে। ওই পথের আশানুর রহমান নামে এক যাত্রী অভিযোগ করেন, এই বাসগুলোতে যখন-তখন ভাড়া বাড়ানো হয়। এর আগেও সরকারি সিদ্ধান্তের বাইরে এই পথে বাড়তি ভাড়া নেওয়ার নজির আছে। বাড়তি ভাড়া নেওয়ার পাশাপাশি বাসে দাঁড় করিয়ে বিপুলসংখ্যক যাত্রী বহন করা হয় বলে তিনি জানান। ফলে পকেটমারের উপদ্রবও বেশি এই বাসে। হঠাত্ ভাড়া বৃদ্ধির বিষয়ে আর্ক পরিবহনের কর্মী মো. দবির হোসেন প্রথম আলোকে বলেন, তাঁরা এতদিন সরকার-নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া নিয়েছেন। এ জন্য লোকসান দিয়ে অনেক বাসের মালিক ব্যবসা ছেড়ে দিয়েছেন। তাই এখন সরকার-নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে। অভিযোগ রয়েছে, আর্ক কোম্পানির অধীনে এই পথে প্রায় ৪০টির মতো বাস চলাচল করে। যা যাত্রীর তুলনায় খুবই কম। একচেটিয়া ব্যবসা করার লক্ষ্যে অন্য কোনো কোম্পানিকে সেখানে বাস চালানোর সুযোগ দেওয়া হচ্ছে না। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি) সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, বাড়তি ভাড়ার বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।