মোহাম্মদপুরে সেনা কর্মকর্তার বাসায় ডাকাতি
রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে মঙ্গলবার সন্ধ্যায় এক সেনা কর্মকর্তার বাসায় ডাকাতি হয়েছে। অস্ত্রের মুখে ডাকাতদল সেনা কর্মকর্তার বাসা থেকে স্বর্ণালংকারসহ নগদ ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।মোহাম্মদপুর থানা সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সোয়া সাতটার দিকে ছয়-সাতজন ডাকাত বাবর রোডের বাসিন্দা মেজর নূরুল ইসলামের বাসার বেল বাজায়। গৃহকর্মী দরজা খুলে দিলে ডাকাতেরা ভেতরে ঢুকে চাপাতি ঠেকিয়ে সেনা কর্মকর্তা ও তাঁর পরিবারের সবাইকে একটি কক্ষে নিয়ে বেঁধে ফেলে। এরপর আলমারি খুলে ৩০ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ ২০ হাজার টাকা, ডিজিটাল ক্যামেরা ও একটি মুঠোফোন নিয়ে যায়। ঢাকা সেনানিবাসে কর্মরত মেজর নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাড়ির দারোয়ানের অনুপস্থিতির সুযোগে ছোট গেট দিয়ে ডাকাতেরা ভেতরে ঢোকে। তারা এক ঘণ্টা ধরে ডাকাতি করে। এ সময় তাঁকে ও তাঁর স্ত্রীকে মারধর করে। স্ত্রীর শাড়ি ছিঁড়ে পরিবারের সবার হাত-পা বেঁধে ফেলে বলে জানান।তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, সেনা কর্মকর্তা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় ডাকাতির মামলা করেছেন।