মোড়কে টঙ্গীর ন্যাশনাল, ভেতরে অন্য ফ্যান
মোড়কের ওপর লেখা আছে ‘ন্যাশনাল ফ্যান টঙ্গী বিসিক শিল্পনগরী’। কিন্তু ভেতরে পাওয়া গেল মীর হাজিরবাগের তৈরি এন কে ফ্যান। একে একে তিনটি দোকানে একই চিত্র। ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার নবাবপুর রোডে অভিযান চালালে বিষয়টি ধরা পড়ে।গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার নবাবপুর রোডের আলী আহম্মদ মার্কেটের হাসেম এন্টারপ্রাইজে অভিযান চালান। সেখানে ন্যাশনাল ফ্যান টঙ্গীর মোড়কের ভেতরে পাওয়া গেল মীর হাজিরবাগের এন কে ফ্যান। আদালত এই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।পরে আদালত একই এলাকার তাজ ইলেকট্রিক মার্কেটের নিউ মডার্ন ইলেকট্রিকে অভিযান চালান। সেখানেও একই পন্থায় ক্রেতাদের প্রতারণা করে আসছিল প্রতিষ্ঠানটি। আদালত ওই প্রতিষ্ঠানকেও ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে আদালত একই মার্কেটের ইলেকট্রিক পার্ক নামের দোকানে অভিযান চালিয়ে একই চিত্র দেখতে পান। আদালত ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।বিএসটিআইয়ের সহকারী পরিচালক কে এম হানিফ বলেন, প্রতিষ্ঠান তিনটি বিএসটিআই আইন ২-এর জে জে ধারায় অপরাধ করায় জরিমানা করা হয়েছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীনের নেতৃত্বে ভেজালবিরোধী অভিযানে অংশ নেয় বিএসটিআই, র্যাব-২ ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল। কেব্ল অপারেটরকে জরিমানা: কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন লঙ্ঘনের অভিযোগে গতকাল পুরান ঢাকায় দীন ইসলামের মালিকানাধীন ঢাকা সিটি কেব্লকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।