মোড়কে দাম লেখা না থাকায় জরিমানা
পণ্যের মোড়কের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা না থাকায় রায়েরবাজারে সিটি করপোরেশনের কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। গতকাল সোমবার রাজধানীর রায়েরবাজারের সিটি করপোরেশন কাঁচাবাজারে অভিযানের সময় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। গতকাল ভোক্তা অধিকারের কর্মকর্তারা রায়েরবাজারের তাসলিমা স্টোর, আসিফ স্টোর, বাবর স্টোর, নাফি এন্টারপ্রাইজ, জাকির স্টোর, আজিজ স্টোর, ওয়াহাব জেনারেল স্টোর, বিছমিল্লাহ জেনারেল স্টোর, হক জেনারেল স্টোর, রিপন জেনারেল স্টোর, রুনা জেনারেল স্টোর, রহমান জেনারেল স্টোর ও হোসেন স্টোরে অভিযান চালান। এসব প্রতিষ্ঠানে থাকা ড্যানিশ কনডেন্সড মিল্ক, ফিজা লাচ্ছা সেমাই, বাঘাবাড়ী ঘি, ট্যাং, স্টারশিপ, টোটাল ময়েশ্চারাইজিং ভেজলিন ও এলডার্স ঘিয়ের মোড়কের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা ছিল না। এই অপরাধে প্রতিষ্ঠানগুলোকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকারী দলটি একই বাজারের জাকির স্টোর ও ওয়াহাব স্টোরের পাঁচ কেজি ওজনের বাটখারা ওজন করে কম দেখতে পায়। এই অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওই বাজারের ইসহাকের মাছের দোকানে অভিযান চালানা হয়। সেখানে মাছে ক্ষতিকর ফরমালিন পাওয়ায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।