মোড়ে মোড়ে বাড়ি ভাড়ার তালিকা টাঙানোর দাবি
মোড়ে মোড়ে বাড়ি ভাড়ার তালিকা স্থাপন ও ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) বাড়ি ভাড়া আইন কার্যকরের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। গতকাল রোববার ডিসিসির সামনে সমাবেশ করে সংগঠনের নেতারা এ দাবি জানান।সমাবেশে সিপিবির নেতারা বাড়ি ভাড়ার নৈরাজ্যের চিত্র তুলে ধরে বলেন, এসব বিষয় দেখার জন্য সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আছেন। কিন্তু তাঁরা বাড়ি ও গাড়ির মালিকদের সাধারণ মানুষের পকেট কাটার সুযোগ তৈরি করে দিচ্ছেন। এক মাসের মধ্যে এ বিষয়ে কোনো কার্যকর ভূমিকা না নিলে ঘেরাওসহ কঠোর কর্মসূচির ঘোষণা দেন তাঁরা। গতকাল বেলা ১১টায় সিপিবি কার্যালয় থেকে মিছিল নিয়ে ডিসিসির সামনে যান নেতারা। পরে ডিসিসির সামনে সমাবেশ হয়। এতে ঢাকা মহানগরের (পূর্ব) নেতা সেকেন্দার হায়াত সভাপতিত্ব করেন। বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, ঢাকা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবীব, ঢাকা কমিটির নেতা জাহিদ হোসেন, অনিরুদ্ধ দাস, সাদেকুর রহমান, মুর্শিকুল ইসলাম, সাইফুল ইসলাম, হজরত আলী, উত্তম কুমার, শিমুল খান ও ছাত্রনেতা হাসান তারেক।