মৌলবাদী গোষ্ঠী নারীনীতির ভুল ব্যাখ্যা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে। সচেতন নাগরিকদের দায়িত্ব রাজপথে এদের মোকাবিলা করা। এই গোষ্ঠীকে সামাজিকভাবে বয়কট করার পাশাপাশি এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে নারীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সচেতন শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। সমাবেশ শেষে সমবেত শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন।সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, অর্ধেক জনগোষ্ঠীকে নিজেদের অধিকার থেকে বঞ্চিত করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, একাত্তরে যারা ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিল, তারাই নারীনীতির অপব্যাখ্যা করছে। তারা ধর্ম নিয়ে ব্যবসা করছে। ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, সরকারের ভাবভঙ্গিমা দেখে মনে হচ্ছে, তারা আমিনীদের ভয়ে পিছু হটছে। কিছু মাদ্রাসাছাত্রের চাপে শিক্ষানীতি ও নারীনীতি বাস্তবায়নে ভড়কে যাওয়া যাবে না। তিনি আরও বলেন, কেবল পাঞ্জাবি আর টুপি পরলেই ব্যাখ্যা দেওয়ার অধিকার পাওয়া যায় না। শিক্ষিত মহলের সবারই নীতিনির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার অধিকার আছে।সমাবেশে নারীনীতির অপব্যাখ্যাকারীদের সামাজিকভাবে বয়কট করতে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন। সমাবেশে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মুহাম্মদ সামাদ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খানের পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মীজানুর রহমান, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম গোলাম রব্বানী, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সমাবেশে বক্তব্য দেন।