মৌলিক অবদানের জন্য দেওয়া হবে নূরজাহান মুরশিদ স্মৃতি পুরস্কার
শিক্ষা, রাজনীতি, সংস্কৃতি, সাংবাদিকতা ও সাহিত্যে যাঁরা মৌলিক অবদান রাখবেন, তাঁদের সম্মাননা স্বরূপ প্রতিবছর ‘নূরজাহান মুরশিদ স্মৃতি পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নূরজাহান মুরশিদ স্মৃতি পরিষদ। পুরস্কারের মূল্যমান হবে দুই লাখ টাকা এবং একটি প্রশংসাপত্র। গত ৪ সেপ্টেম্বর পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরিষদের পক্ষ থেকে শিক্ষা, রাজনীতি, সংস্কৃতি, সাংবাদিকতা, সাহিত্য এবং পুরস্কৃত ব্যক্তির জীবন ও কর্ম নিয়ে এক বছর মেয়াদি গবেষণার জন্য অনুদানও দেওয়া হবে। এসব কর্মকাণ্ডের জন্য প্রাথমিক পর্যায়ে মুরশিদ পরিবার অর্থায়ন করবে।১ সেপ্টেম্বর ছিল সাবেক মন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নূরজাহান মুরশিদের অষ্টম মৃত্যুবার্ষিকী। শিক্ষা, সংস্কৃতি আর রাজনীতিতে নূরজাহান মুরশিদের অবাধ বিচরণ ছিল। একাধিক অঙ্গনে প্রথা ভেঙে পুরুষের পাশে নারীকে সমানভাবে প্রতিষ্ঠিত করার সংগ্রামে তিনি ছিলেন সক্রিয় । গত বছরের ১ সেপ্টেম্বর ‘নূরজাহান মুরশিদ স্মৃতি পরিষদ’ গঠন করা হয়। এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক খান সারওয়ার মুরশিদ। ভাইস চেয়ারপারসন হিসেবে আছেন সন্জীদা খাতুন ও অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। পরিষদের নির্বাহী সদস্য হায়া ৎ মামুদ, সাহিত্যিক সেলিনা হোসেন, নাট্যব্যক্তিত্ব ম. হামিদ, খান আহমেদ সাঈদ মুরশিদ, অধ্যাপক তাজীন মুরশিদ, অধ্যাপক সোনিয়া নিশাত আমিন, মানবাধিকারকর্মী শাহীন আনাম, শিরিন হক, কাজী সুফিয়া আখতার ও খান আহমেদ নূয়ায়ীদ মুরশিদ। বিজ্ঞপ্তি।