ম্যাজিস্ট্রেটের বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার
রাজধানীর আজিমপুরে ম্যাজিস্ট্রেট দম্পতির সরকারি বাসা থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গতকাল সকাল সাতটার দিকে আজিমপুরের বিচারকদের সরকারি বাসভবনের (রজনীগন্ধা-১) নিচতলা থেকে গৃহকর্মী আকলিমা বেগমের (১৭) লাশ উদ্ধার করা হয়। এ বাসায় মুখ্য মহানগর হাকিম আদালতের ম্যাজিস্ট্রেট মুন্সি আবদুল মজিদ ও তাঁর স্ত্রী ম্যাজিস্ট্রেট ফেরদৌস আরা বাস করেন।বাসার লোকজন পুলিশকে জানায়, গত রোববার রাতে ঘুমানোর আগে আকলিমার সঙ্গে তাদের সর্বশেষ কথা হয়। গতকাল সকালে অনেক ডাকাডাকি করেও তার সাড়া মেলেনি। এরপর গৃহকর্মীর কক্ষে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখেন গৃহকর্ত্রী। পরে পুলিশ গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আকলিমার লাশ উদ্ধার করে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, প্রায় ১০-১১ মাস আগে লালমাটিয়ার নারীদের নিরাপদ আশ্রয়কেন্দ্র থেকে আকলিমাকে ওই বাসার কাজে নিযুক্ত করা হয়। মেয়েটি মানসিকভাবে কিছুটা অবসাদগ্রস্ত ছিল বলে তিনি জানান।আকলিমার গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইলে। তাঁর বাবার নাম নুরুল ইসলাম।