রাজধানীর সার্কিট হাউস রোড। বৃষ্টি হয়নি, তবু পানিতে রাস্তা সয়লাব হয়ে আছে। অনেক দিন পর এলাকায় আসা এক পথচারী এ রকম অবস্থা দেখে বলেন, বৃষ্টি নেই, বাদল নেই, এমন গুরুত্বপূর্ণ রাস্তার এমন দশা হতে পারে?
নাকে হাতচাপা অবস্থায় জবাব দিলেন আরেক পথচারী, এমন দুর্গন্ধেও বুঝতে পারছেন না, কিসের পানি? ভেতর থেকে ময়লা পানি আসছে।
জানা গেল, পুরো রাস্তায় যে পানি, তা ঢাকা ওয়াসার পয়োনালার। গতকাল মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিককার দৃশ্য এটি। দেখা গেল, ওই সড়কে অন্তত ১০টি ম্যানহোল রয়েছে। সব কটির ঢাকনা উপচে ময়লা পানি রাস্তায় আসছে।
সড়কটির হাবিবুল্লাহ বাহার কলেজ প্রান্তের বাহাই কেন্দ্রের কাছে রাস্তাজুড়ে পানি। সেখান থেকে পুলিশের উপকমিশনারের কার্যালয় পর্যন্ত রাস্তা ভেজা ও পিচ্ছিল। তার ওপর রাস্তাটি একটু পরপর ভাঙাচোরা। এক পথচারী হঠাৎ গালাগাল দিয়ে উঠলেন। ব্যক্তিগত একটি গাড়ি দ্রুতবেগে যাওয়ার সময় তাঁর গায়ে ময়লা পানি উঠেছে। রাস্তা ভাঙা ও পিচ্ছিল বলে পড়তে পড়তে কোনো রকমে দাঁড়িয়ে পড়ল একটি মোটরসাইকেল।
হাবিবুল্লাহ বাহার কলেজের ছাত্র আবদুল মতিনসহ কয়েকজন ছাত্র বলেন, মাঝেমধ্যেই এই ম্যানহোল উপচে রাস্তায় পানি উঠে আসে। কী কারণে এমন হয়, তারা বুঝতে পারেন না। তাঁরা বলেন, এখানে পুলিশের ট্রাফিক বিভাগ, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটসহ সরকারি গুরুত্বপূর্ণ কার্যালয় রয়েছে। অনেক বাসিন্দারও বসবাস।
জানতে চাইলে ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (উৎপাদন ও রক্ষণাবেক্ষণ) এ ডি এম কামরুল আলম চৌধুরী বলেন, সেখানে ওয়াসার ভূগর্ভস্থ পয়ঃ ও ড্রেনেজ লাইন রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভূ-উপরিস্থ লাইনও রয়েছে। ওপরের নর্দমায় ময়লা-আবর্জনা পড়ে নিচের লাইন আবদ্ধ হয়ে গেছে। যার জন্য প্রায়ই ম্যানহোল উপচে পানি ওঠে।