ম্যানহোলে ঢুকে পথশিশুর মৃত্যু
প্লাস্টিকের বোতল আর বিক্রয়যোগ্য জিনিসপত্র খুঁজতে ম্যানহোলে ঢুকেছিল পথশিশু মো. সবুজ (১৬)। তবে সে আর বের হতে পারেনি। সেখানেই মৃত্যু হয় তার। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে মতিঝিল থানা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে নটর ডেম কলেজের সামনের সড়কে ঢাকনাহীন একটি ম্যানহোলে ঢোকে সবুজ। ওপরে অপেক্ষায় ছিল তার বন্ধু মো. রহিম নামের আরেক পথশিশু। অনেকক্ষণ হয়ে গেলেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় রহিম নিজেই ম্যানহোলে ঢুকে দেখে, সবুজ ম্যানহোলের পানির নিচে অচেতন অবস্থায় পড়ে আছে। রহিমের চিৎকার শুনে স্থানীয় ব্যক্তিরা ছুটে এসে সবুজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, অনেক আগেই সবুজের মৃত্যু হয়েছে।চিকিৎসকেরা জানিয়েছেন, বিষাক্ত গ্যাস কিংবা ঠান্ডাজনিত কারণে সবুজ মারা যেতে পারে। সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জাল হোসেন বলেন, সবুজ দক্ষিণ কমলাপুরের কালভার্ট সড়ক এলাকার ফুটপাতে থাকত। তার গ্রামের বাড়ি খুলনায় বলে জানা গেছে। তবে মা-বাবার নাম-পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।