মৎস্য ও পশুখাদ্যে ট্যানারি বর্জ্য ব্যবহার বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্যানারি বর্জ্য ব্যবহার করে হাজারীবাগে মৎস্য ও পশুখাদ্য তৈরি এবং এ-সংক্রান্ত ব্যবসা তিন মাস বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত প্রতিবেদন ১৫ দিনের মধ্যে আদালতে দাখিল করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে মৎস্য ও পশুখাদ্যে ট্যানারি বর্জ্য ব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে চার দফা নির্দেশনা দিয়েছেন আদালত। স্বাস্থ্যসচিব, মৎস্যসচিব, শিল্পসচিব, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিট আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার। শুনানিতে মনজিল মোরসেদ বলেন, ২৪ জুলাই একটি পত্রিকায় এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ট্যানারি বর্জ্য মৎস্য ও পশুখাদ্যে ব্যবহারের ফলে তা মানবদেহে প্রবেশ করছে। এতে ক্যানসারসহ কিডনি ও লিভারের বিভিন্ন জটিল রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। চার নির্দেশনা: আদালতের চার নির্দেশনার মধ্যে প্রথমটি হলো— ঢাকার ১০টি থানার ১০টি বাজার থেকে মাছ, মুরগির মাংস ও ডিম সংগ্রহ করে পরীক্ষাগারে পরীক্ষা করে দেখতে হবে এতে ক্রোমিয়াম, লিডও অন্য ক্ষতিকারক উপাদান আছে কি না। বিএসটিআই ও বিসিএসআইআর কর্তৃপক্ষকে এ পরীক্ষা করে তিন সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। দ্বিতীয় নির্দেশনায় হাজারীবাগ এলাকায় মৎস্য ও পশুখাদ্যে ট্যানারি বর্জ্য প্রক্রিয়াজাত-সংক্রান্ত কারখানা ও ব্যবসা অবিলম্বে বন্ধ করে ১৫ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বিএসটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক, বিসিএসআইআরের চেয়ারম্যান ও পুুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) বলা হয়েছে। তৃতীয় নির্দেশনায় বাজার থেকে মাছ, মুরগির মাংস ও ডিম সংগ্রহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে পরীক্ষা করতে স্বাস্থ্যসচিবকে নির্দেশ দেন আদালত। চতুর্থ নির্দেশনায় ১৫ দিনের মধ্যে একটি মনিটরিং কমিটি গঠন করে ঢাকাসহ কয়েকটি জেলায় পশুখাদ্য উৎপাদনে ট্যানারি বর্জ্য ব্যবহার বন্ধের পদ্ধতি ও নীতিমালা প্রণয়ন করতে বলা হয়েছে।