রাজধানীর কদমতলীর মেরাজনগর এলাকার নিহত গৃহবধূ ময়না আক্তারের (২২) পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, যৌতুক না পেয়ে শ্বশুরবাড়ির লোকজন ময়নাকে পিটিয়ে হত্যা করে। এ ব্যাপারে কদমতলী থানায় হত্যা মামলা করতে গেলে পুলিশ এক লাখ টাকা ঘুষ দাবি করে। আর তা না দেওয়ায় হত্যা মামলা নিচ্ছে না পুলিশ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ময়নার পরিবারের সদস্যরা এ অভিযোগ করে। পরিবারটি জানায়, গত বছরের ১১ আগস্ট মেরাজনগরের নূরু জামালের সঙ্গে ময়নার বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য তাঁর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতে থাকে। একপর্যায়ে ১০ মার্চ ময়নাকে পিটিয়ে হত্যা করে তারা। পরে ময়নার গলায় ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে তা আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পরিবারটির অভিযোগ, ঘটনার দিন ময়নার পরিবার ও স্থানীয় লোকজন মিলে ময়নার স্বামী নূরু জামালকে ধরে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে কদমতলী থানায় হত্যা মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানান। উপপরিদর্শক (এসআই) শেখ শফিকুর রহমান মামলার জন্য এক লাখ টাকা দাবি করেন। সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদনও টাকার বিনিময়ে করা হয়েছে বলে তারা অভিযোগ করে। সংবাদ সম্মেলনে ময়নার বাবা জালাল উদ্দিন, মা রহিমা আক্তারসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা মেয়ে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। যোগাযোগ করা হলে কদমতলী থানার ওসি কাজী আয়ুবুর রহমান দাবি করেন, ‘নিহত ময়নার পরিবারের কেউ আমার কাছে আসেনি। অভিযোগ নিয়ে এলে অবশ্যই মামলা হবে।’এসআই শফিকুর রহমান ঘুষ চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।