ময়মনার বাবার ডিএনএ পরীক্ষা আর হলো না
ময়মনার বাবার পরিচয় উদ্ধারে ডিএনএ পরীক্ষাটি এবারও হলো না। গতকাল শনিবার মামলার আসামি ময়মনার বাবা মাইনুদ্দিন হাজির হলেও তাঁর আইনজীবী আর হাজির হননি। ফলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরিতে পরীক্ষাটি করা সম্ভব হয়নি।নেত্রকোনার আটপাড়া উপজেলার দৌলতপুর গ্রামের ঝর্ণা আক্তার ও তাঁর প্রতিবেশী মাইনুদ্দিনের ভালোবাসার ফসল ময়মনা। মাইনুদ্দিন বগুড়া সেনানিবাসে কর্মরত অবস্থায় ২০০৪ সালে ছুটিতে বাড়ি এলে তাঁদের শারীরিক সম্পর্ক হয়। ঝর্ণার সন্তানের জন্ম হয় ২০০৫ সালের ২৯ জানুয়ারি। তবে মাইনুদ্দিন এ সন্তানকে অস্বীকার করেন। এরপর ঝর্ণা মইনুদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। সন্তানের পিতৃপরিচয় নির্ণয়ের জন্য নেত্রকোনার জ্যেষ্ঠ সহকারী জজ আদালত ডিএনএ পরীক্ষার আদেশ দেন।২০০৮ সালের ৩ মার্চ ও চলতি বছরের ২১ আগস্ট দুই দফা আদালত ডিএনএ পরীক্ষার সময় নির্ধারণ করে দেন। তখন ঝর্ণা ও তাঁর মেয়ে উপস্থিত থাকলেও মাইনুদ্দিন উপস্থিত ছিলেন না। এবার মাইনুদ্দিন এলেও আসেননি তাঁর আইনজীবী। গতকাল সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত ময়মনার বাবা মাইনুদ্দিন ঢাকা মেডিকেলে অপেক্ষা করেছিলেন।ঝর্ণার আইনজীবী আলী খান প্রথম আলোকে বলেন, আদালতের আদেশে মামলার দুই পক্ষের আইনজীবীর উপস্থিত থাকার কথা। কিন্তু আসামি পক্ষের আইনজীবী উপস্থিত হননি।মাইনুদ্দিনের আইনজীবী সুরজিত চন্দ্র সরকার টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার পক্ষে একজন আইনজীবীর উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু যানজটের কারণে হয়তো তিনি ঠিক সময়ে উপস্থিত হতে পারেননি।’ ঝর্ণার পরিবার জানিয়েছে, বিয়ের আগেই পেটে সন্তান এলেও মাইনুদ্দিনের পরামর্শে তা গোপন রাখেন ঝর্ণা। কিন্তু গর্ভের আট মাসের মাথায় তা আর চেপে রাখা যায়নি। ঝর্ণার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি প্রকাশিত হলে গ্রাম্য সালিস বসে। সালিসে মাইনুদ্দিনের সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়। কিন্তু গোপনে মাইনুদ্দিনের বড় ভাই সুলতানের সঙ্গে ঝর্ণার বিয়ে দেওয়া হয়। গতকালের ঘটনায় ঝর্ণার পরিবারের পক্ষ থেকে হতাশা প্রকাশ করা হয়েছে। তারা বলে, বারবার কোনো কোনো কারণে ডিএনএ পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। আগে মাইনুদ্দিন আসেননি। এবার তাঁর আইনজীবী এলেন না। ডিএনএ পরীক্ষা হয়ে গেলেই বাঁচা যায়। বিষয়টির একটা সুরাহা হয়। ময়মনার বাবা কে তা স্পষ্ট হয়ে যায়। অপেক্ষা করা ছাড়া এখন আর কী করা।