ময়লা পানিতে রাস্তা সয়লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দিরা রোডের একাংশে এভাবে পানি জমে আছে কয়েক দিন ধরে। এতে ভোগান্তিতে পড়েছে পথচারীরা l ছবি: ড্রিঞ্জা চাম্বুগং
ইন্দিরা রোডের একাংশে এভাবে পানি জমে আছে কয়েক দিন ধরে। এতে ভোগান্তিতে পড়েছে পথচারীরা l ছবি: ড্রিঞ্জা চাম্বুগং

ফার্মগেটে ইন্দিরা রোডের একাংশে পাঁচ দিন ধরে জমে আছে ম্যানহোল উপচে ওঠা পানি। গতকাল মঙ্গলবার বিকেলের এক পশলা বৃষ্টিতে বেড়ে গেছে পানির পরিমাণ। এতে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের।

গতকাল দেখা যায়, ইন্দিরা রোডের ফার্মগেট সুপার মার্কেটের সামনে থেকে সেজান পয়েন্ট, মাহবুব প্লাজা হয়ে তেজগাঁও কলেজের সামনের অংশে রাস্তায় জমে আছে ময়লা পানি। রাস্তার এই অংশে যে কয়টি ম্যানহোল আছে, সেগুলোর প্রায় সব কটি থেকেই পানি উঠে আসছে। অন্যদিকে ফার্মগেট সুপার মার্কেটের উত্তর অংশে পদচারী–সেতুর গোড়ায় ইট-বালু ফেলে পানি আটকে দেওয়া হয়েছে। এতে পানি সরতে পারছে না। বিপণিবিতানগুলোতে যাওয়ার জন্য রাস্তায় বিছিয়ে রাখা ইটগুলোও তলিয়ে গেছে পানিতে।

রাস্তায় জমে থাকা পানির কারণে পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পথচারীদের দুর্ভোগ বাড়িয়েছে ফুটপাতের দোকান। মাহবুব প্লাজার সামনের ফুটপাত দখল করে গড়ে তোলা হয়েছে প্যান্ট বিক্রির বেশ কিছু দোকান। এ কারণে পথচারীদের ফুটপাত দিয়েও হাঁটতেও সমস্যা হচ্ছে।

তেজগাঁও কলেজের শিক্ষার্থী সিরাজুল ইসলাম বলেন, প্রায় এক সপ্তাহ ধরে রাস্তায় ময়লা পানি জমে আছে। অন্যদিকে ফুটপাতও হকারদের দখলে। ফলে এই জায়গা দিয়ে হাঁটারও উপায় নেই।

রাস্তায় জমে থাকা পানির বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর শামিমা রহমান বলেন, পানি জমে থাকার বিষয়টি তিনি জানেন না। দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নিতে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগকে বলবেন।

অন্যদিকে ঢাকা ওয়াসার উপসহকারী প্রকৌশলী বারিক আশরাফি বলেন, ‘ওই রাস্তায় নালা বন্ধ হয়ে গেছে। আমরা নালা পরিষ্কার করার কাজ আজ (মঙ্গলবার) থেকে শুরু করেছি। বিকেলে বৃষ্টির কারণে পরিষ্কারের কাজ শেষ করতে পারিনি। আশা করছি, আগামীকালের মধ্যে (আজ বুধবার) নালা পরিষ্কার করে ফেলব। তখন রাস্তায় পানি থাকবে না।’