ময়লা ফেলার পাত্র ব্যবহারে উৎসাহী করতে অভিযান
ঢাকাকে পরিচ্ছন্ন নগর হিসেবে গড়তে রাস্তার পাশে ময়লা ফেলার পাত্র বসিয়েছে দুই সিটি করপোরেশন। কিন্তু নগরবাসী ব্যবহার না করায় পাত্রগুলো শহরের পরিচ্ছন্নতায় কাজে আসছে না। জনসাধারণকে ময়লা ফেলার পাত্র ব্যবহারে উৎসাহী করতে সচেতনতামূলক অভিযান চালিয়েছে বাংলাদেশ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ‘চলো বদলাই’ দল।
‘যেখানে সেখানে ময়লা ফেলব না, প্রিয় শহরকে নোংরা করব না’ প্রতিজ্ঞা সামনে রেখে গত শুক্রবার বিকেলে ফার্মগেট থেকে কারওয়ান বাজার পর্যন্ত অভিযান চলে। এতে ‘চলো বদলাই’ দলের ৩০ জনের অধিক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।
স্বেচ্ছাসেবকেরা রাস্তার পাশের ময়লা ফেলার পাত্র ব্যবহারের জন্য লোকজনকে মৌখিকভাবে অনুরোধ করেন। এ ছাড়া প্রচারপত্র বিলি করেও লোকজনকে ময়লার পাত্র ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। রাস্তার পাশের হকারদের ময়লা ফেলার জন্য পাশে ঝুড়ি রাখতে তাঁদের অনুরোধ করেন। অভিযান চলার সময়ে স্বেচ্ছাসেবকেরা রাস্তার পাশের ময়লা আবর্জনা সংগ্রহ করে ময়লা ফেলার পাত্রে ফেলেন।
অভিযানটির প্রধান সমন্বয়ক মাহফুজ রূপম বলেন ‘কিছুদিন আগেও রাস্তায় চলতি পথে ময়লা ফেলতে গেলে হাতের কাছে কোনো ডাস্টবিন পাওয়া যেত না। বর্তমানে একটু পরপরই রয়েছে ডাস্টবিন। অভিযানটির উদ্দেশ্য জনসাধারণকে এই ডাস্টবিন ব্যবহারে সচেতন করে তোলা।’
বাংলাদেশ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব দেবনাথ বলেন, রাস্তার পাশের ডাস্টবিনগুলো ভাঙা বা চুরি গেছে দেখলে কষ্ট লাগে।