ময়লা ফেলে ভরাট হচ্ছে রামপুরা খাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভাবেই রামপুরা বনশ্রী মেরাদিয়া বাজার এলাকায় খালে ময়লা ফেলে সেটি ভরাট করা হচ্ছে । ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
এভাবেই রামপুরা বনশ্রী মেরাদিয়া বাজার এলাকায় খালে ময়লা ফেলে সেটি ভরাট করা হচ্ছে । ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

মেরাদিয়া বাজার-সংলগ্ন স্থানে রামপুরা খালের বেশ কিছু অংশ ময়লা ফেলে ভরাট করা হচ্ছে। সেখানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুটি ময়লার কনটেইনার থাকলেও বাসাবাড়ি থেকে সংগ্রহ করা ময়লার অধিকাংশ খালে ফেলা হচ্ছে। মেরাদিয়া হাটের ফলমূল ও শাকসবজি বিক্রেতারাও হাটের বর্জ্য খালেই ফেলছেন।
খাল ভরাটের বিষয়ে জানতে চাইলে ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) একজন প্রকৌশলী নাম না প্রকাশের শর্তে বলেন, ‘অবস্থা এমন দাঁড়িয়েছে, ময়লা ফেলে খালের ভরাট করা জায়গার ওপরে এখন ময়লার কনটেইনার রাখা হচ্ছে। খালে ময়লা না ফেলতে অনুরোধ জানিয়ে সিটি করপোরেশনকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু বিষয়টাকে সিটি করপোরেশন গুরুত্ব দিচ্ছে না।’
গতকাল শনিবার দেখা যায়, মেরাদিয়া বনশ্রী কাঁচাবাজারের বিপরীত পাশে খালের পাড় ঘেঁষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুটি ময়লার কনটেইনার রাখা। ময়লা-আবর্জনা কনটেইনার উপচে ছড়িয়ে আছে চারদিকে। ময়লা সংগ্রহের গাড়িতে করে বিভিন্ন এলাকার বাসাবাড়ি থেকে ময়লা নিয়ে পরিচ্ছন্নতাকর্মীরা আসছেন। কনটেইনারে জায়গা না পেয়ে তাঁরা খালের পাড়েই ময়লা নামাচ্ছেন।
পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বনশ্রীর কিছু অংশ, দক্ষিণ বনশ্রী, মেরাদিয়া, ভূঁইয়াপাড়া, মাদারটেক এবং এর আশপাশের এলাকা থেকে সংগ্রহ করা ময়লা রামপুরা খালের এ অংশে ফেলা হয়। প্রতিদিন ৫৫-৬০ গাড়ি ময়লা এখানে ফেলা হয়। কনটেইনার ভরে গেলে খালের পাড়েই তাঁরা ময়লা ফেলে যান। কয়েক মাস আগেও এখানে তিনটি ময়লার কনটেইনার ছিল। কনটেইনার কমার পরে খালে ময়লা ফেলার পরিমাণও বেড়েছে।

দক্ষিণ বনশ্রী এলাকা থেকে বাসাবাড়ির ময়লা সংগ্রহ করে অন্বেষা সমাজ কল্যাণ সংস্থা। সংস্থার পরিচালক জাহিদ আহমেদ প্রথম আলোকে বলেন, যে পরিমাণ ময়লা বাসাবাড়ি থেকে সংগ্রহ করে নিয়ে মেরাদিয়া হাটের কাছে ফেলা হয়, তার অনেকখানি সেখানে পড়ে থাকে। ময়লার কনটেইনারের পরিমাণও কম। সিটি করপোরেশন খুব শিগগির আরও দুটি কনটেইনার দেবে।

দেখা যায়, খালের ১৫-২০ ফুট জায়গা ইতিমধ্যে ময়লা-আবর্জনায় ভরে গেছে। আরও ময়লা এনে সেখানেই ফেলা হচ্ছে। পরিচ্ছন্নতাকর্মীরা সেই ভরাট হওয়া জায়গার ওপরেই সব কার্যক্রম চালাচ্ছেন। গতকাল বেলা আড়াইটার দিকে কনটেইনারে জায়গা না থাকায় দুটি ভ্যানগাড়িতে করে আনা ময়লা খালের পাড়েই ফেলে দিতে দেখা যায় দুজন পরিচ্ছন্নতাকর্মীকে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, দিন যত যাচ্ছে, খালে ময়লা ফেলার পরিমাণও বাড়ছে। নৌকায় আশপাশের এলাকা থেকে মেরাদিয়া হাটে ফলমূল ও শাকসবজি নিয়ে পাইকারি বিক্রেতারা আসেন। তাঁরাও অনেক সময় নষ্ট হয়ে যাওয়া তরিতরকারি খালেই ফেলেন।

রামপুরা সেতু থেকে শুরু করে মেরাদিয়া হাট হয়ে ত্রিমোহনী গিয়ে মিশেছে এই খাল। এর একদিকে আফতাব নগর আবাসিক এলাকা, অন্যদিকে বনশ্রী আবাসিক এলাকা। ময়লা-আবর্জনায় খালটি এতটাই দূষিত হয়েছে, দুর্গন্ধে এর পাশ দিয়ে হেঁটে যাওয়াও মুশকিল।

খাল ভরাটের বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, কোনোভাবেই খাল ভরাট করতে দেওয়া হবে না। সিটি করপোরেশনের ময়লার কনটেইনার দেওয়া আছে। আরও কনটেইনার দেওয়া হবে। আর কনটেইনারের বাইরে যেসব ময়লা পড়ে, সেগুলোও সরিয়ে নেওয়া হবে।