ময়লার স্তূপে চাপা শৈশব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল পৌনে ৯টা! রোদের তেজ ভালোই টের পাওয়া যাচ্ছে। ময়লার স্তূপে ক্রেনের (হাইড্রোলিক বুলডোজার) একঘেয়ে শব্দ। একটু পরপর সাদা বকের দল ডানা মেলে তাদের উপস্থিতি জানান দিচ্ছে। চারপাশে বোঁটকা গন্ধ। তবে এসবের কোনো কিছুতেই মন নেই রাকিব, শফিকুল, সোহেল, আমেনাদের। ক্রেন যেখানে যেখানে আবর্জনা ফেলছে, সেই দিকেই দৌড়ে যাচ্ছে তারা। ছোট ছোট হাতে বস্তায় ভরছে প্লাস্টিকের বোতল, দুধের প্যাকেটসহ নানা কিছু।

গত শনিবার সকালে রাজধানীর মাতুয়াইলের ডেমরায় স্যানিটারি ল্যান্ডফিলে (আবর্জনা ফেলার স্থায়ী জায়গা) কথা হয় রাকিবদের সঙ্গে। ময়লাভর্তি একটার পর একটা ট্রাক ঢুকছে। তখন তাদের উত্তেজনা বেড়ে যায়, নতুন বর্জ্য পাওয়ার সম্ভাবনায়। শৈশব-কৈশোর নিয়ে চিন্তার অবকাশ নেই তাদের। বর্জ্যজীবী, ওয়েস্ট পিকার বা টোকাই নামের আড়ালে হারিয়ে যাচ্ছে তাদের নাম, ময়লার স্তূপে চাপা পড়ছে তাদের শৈশব।

বেসরকারি সংগঠন গ্রামবাংলা উন্নয়ন কমিটি বর্জ্যজীবী শিশু এবং তাদের পরিবারের সদস্য বিশেষ করে মায়েদের নিয়ে কাজ করছে ২০০৮ সাল থেকে। এই সংগঠনের দেওয়া হিসাব বলছে, ২০১৩ সালে মাতুয়াইল ল্যান্ডফিলে কাজ করা তালিকাভুক্ত শিশু ছিল ৩৭৬ জন। এই শিশুরা তাদের বাবা-মায়ের হাত ধরে এ কাজে এসেছে। তাদের বাবা-মায়ের সঙ্গে কথা বলে জানা গেল, তাঁরাও একসময় তাঁদের বাবা-মায়ের হাত ধরেই এ পেশায় আসেন। ল্যান্ডফিলে কাজ শুরু হয় ভোর চারটা থেকে। বর্তমানে দিনের বিভিন্ন সময়ে এখানে ৩০০-৪০০ শিশু বর্জ্য সংগ্রহ করছে।

গ্রামবাংলা উন্নয়ন কমিটির নির্বাহী পরিচালক এ কে এম মাকসুদ প্রথম আলোকে বলেন, প্রায় ৯ বছরের কাজের অভিজ্ঞতায় বলা যায়, এ পর্যন্ত প্রায় ৬০০ শিশুকে আবর্জনা কুড়ানোর ঝুঁকিপূর্ণ কাজ থেকে ফিরিয়ে অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত করা সম্ভব হয়েছে। বর্তমানে সচেতনতার ফলে একদম ছোট শিশুদের বাবা-মায়েরা নিজেরাই আর এ কাজ করতে পাঠাচ্ছেন না। এ সংগঠন পরিচালিত শিশু দিবাযত্ন কেন্দ্র ও স্কুলে (পঞ্চম শ্রেণি পর্যন্ত) যাচ্ছে ওই সব শিশু। বলা যায়, কিছু শিশুর শৈশবটাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

তবে মাকসুদ মনে করেন, শিশুদের এ কাজ থেকে পুরোপুরি ফেরানো সম্ভব হবে না। স্কুলে আসা শিশুদেরও একটি বড় অংশ পড়ার ফাঁকে আবার কাজে যাচ্ছে। তাই এই শিশুদের দায়িত্ব সরকারকে নিতে হবে। অপ্রাতিষ্ঠানিক খাতের এই শিশুরা যাতে পায়ে বুট জুতা, হাতে গ্লাভসসহ অন্যান্য সুরক্ষা নিয়ে কাজে নামতে পারে, তার ব্যবস্থা করতে হবে।

আবর্জনার স্তূপে কর্মরত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেল, এখানেই কাজ করতে গিয়ে ১৫ বছর বয়সী লাইসিয়ামের এক পা ঢুকে যায় ক্রেনের মধ্যে। ওই পা’টি আর খুঁজেই পাওয়া যায়নি। ময়লার স্তূপে পড়ে যাওয়াসহ অন্যান্য দুর্ঘটনা তো আছেই। ৬ বা ৭ বছর বয়সী আকুল এ কাজ করছে মাত্র কিছুদিন হলো। সে এখন পর্যন্ত বুঝতেই পারছে না কাজটি আসলে কতটা ভয়াবহ।

১৩ বা ১৪ বছর বয়সী শফিকুল তার মায়ের সঙ্গে আবর্জনা সংগ্রহের কাজ করে। স্কুলে গিয়ে বইপত্রের সঙ্গে যোগাযোগের আগেই তার পরিচয় হয়েছে আবর্জনার স্তূপের সঙ্গে। মা ও ছেলে এই কাজ করে মাসে পায় ১০ থেকে ১২ হাজার টাকা। দীর্ঘ ১৩ বছর ধরে একসঙ্গে কাজ করা গোলাম রসুল এবং তাঁর স্ত্রী আফিয়া জানালেন, কাজ করার পর প্রায় প্রতিদিনই কোনো না কোনো ওষুধ খেতে হচ্ছে। তাঁদের এক ছেলে এখানেই কাজ করে এখন ময়লা বহন করার গাড়ি চালাচ্ছে। তাঁদের ভাষায়, ময়লা কুড়াইয়াই তো জীবনটা চলছে।

ল্যান্ডফিলের কাছেই গ্রামবাংলা উন্নয়ন কমিটি পরিচালিত স্কুল ও শিশু দিবাযত্ন কেন্দ্রে শিশুর সংখ্যা ২২৪ জন। তাদের সকালে বিস্কুট এবং দুপুরে খিচুড়ি দেওয়া হচ্ছে। সপ্তাহে এক দিন চিকিৎসক এসে দেখে যাচ্ছেন। স্কুলে গিয়ে কথা হয় বেবি নাজনীনের সঙ্গে। তারা চার বোন ও দুই ভাই। দুই বোনের বিয়ে হয়েছে। তারা পড়াশোনা করেনি। বাবা আবর্জনা কুড়াতেন, এখন অসুস্থ। মা এখনো ল্যান্ডফিলে কাজ করেন। বেবি স্কুলের পরে আবর্জনা কুড়াতে যায়। তবে সে স্বপ্ন দেখছে, ভবিষ্যতে সে চিকিৎসক হবে।