যখন ইচ্ছা সড়ক অবরোধ, রাজধানীবাসীর দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাখালীতে বস্তির বাসিন্দাদের চার ঘণ্টা সড়ক অবরোধে গতকাল বৃহস্পতিবার রাজধানী ঢাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। গত বুধবার রাতে করাইলে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানির (বিটিসিএল) জায়গায় গড়ে ওঠা করাইল বস্তির অধিকাংশ ঘর উচ্ছেদ করা হয়।গতকাল সকাল আটটার দিকে অফিস ও স্কুল-কলেজে যাওয়ার সময় কয়েকটি সংগঠন মানববন্ধন কর্মসূচির কথা বলে মহাখালী-গুলশান সড়কে এনে বস্তিবাসীদের জড়ো করে। আধঘণ্টার মধ্যে বস্তিবাসীরা ফার্মগেট-বিমানবন্দর সড়কের মহাখালী ফ্লাইওভার থেকে চেয়ারম্যানবাড়ি পর্যন্ত দখলে নিয়ে নেয়। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। এতে রাজধানীর পশ্চিমাঞ্চলের সঙ্গে উত্তর ও পূর্বাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আজিমপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর ও মিরপুর থেকে যেসব বাস গুলশান বা উত্তরায় যায়, এর বেশির ভাগই মহাখালী-গুলশান সড়ক ব্যবহার করে। আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এই পথের যানবাহন মহাখালী-বনানী হয়ে চলাচল শুরু করে। এই সড়কও একপর্যায়ে বন্ধ করে দেয় বস্তিবাসীরা। এতে শহরের উত্তর-দক্ষিণের অন্যতম প্রধান ধমনি হিসেবে পরিচিত সড়কটি যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে।বস্তির বাসিন্দারা জানান, গত বুধবার বস্তি উচ্ছেদের প্রতিবাদে এবং এখনো সেখানে যেসব ঘর আছে, সেগুলো উচ্ছেদ না করার দাবিতে এই অবরোধ করা হয়। অবরোধে মহাখালী ওয়্যারলেস গেটের টিঅ্যান্ডটি কলেজ-সংলগ্ন টিঅ্যান্ডটি, এরশাদনগর, বেলতলা ও করাইলের কয়েক হাজার বস্তিবাসী (নারী ও পুরুষ) অংশ নেয়। এ সময় একটি প্রাইভেট কার ভাঙচুর করা হয়।বেলা সাড়ে ১১টার দিকে বিজয় সরণি থেকে মহাখালী পর্যন্ত যানবাহন চালকেরা গাড়ির ইঞ্জিন বন্ধ করে অপেক্ষায় ছিলেন, কখন সড়ক ছাড়বে। দুপুর ১২টার দিকে মহাখালী ফ্লাইওভারের নিচে কথা হয় আজিমপুর-টঙ্গী পথের ভিআইপি পরিবহনের চালক মোর্শেদ মিয়ার সঙ্গে। এ সময় ফ্লাইওভারের ওপরেও যানবাহন ঠাসা এবং ঠায় দাঁড়িয়ে ছিল। মোর্শেদ মিয়া বলেন, তিনি বিজয় সরণি মোড় পার করেছিলেন সকাল সাড়ে ১০টায়। মহাখালী ফ্লাইওভার পর্যন্ত আসতে সময় লেগেছে দেড় ঘণ্টা। এখন ইঞ্জিন বন্ধ করে বসে আছেন।বিজয় সরণি থেকে মহাখালী ফ্লাইওভারের দূরত্ব মাত্র সোয়া কিলোমিটার। সরকারি কর্মকমিশনের গেট থেকে এগিয়ে সেনানিবাসের দিকে যাওয়ার জন্য একটি আলাদা লেন করা আছে। এই লেন দিয়ে বনানীমুখী যানবাহন সাধারণত প্রবেশ করে না। গতকাল লেন-বাইলেন মানেনি কেউ। সেনানিবাসের ফটকে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশের এক সদস্য বলেন, কোথাও সড়ক অবরোধ হলে তাঁদের পক্ষে যানবাহন নিয়ন্ত্রণের সাধ্য নেই। তাই অসহায় হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া উপায় থাকে না।পুলিশের গুলশান অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবার বস্তিবাসীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও অবরোধকারীরা কানে তোলেনি। বস্তিবাসীদের সমস্যা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস পেয়ে সাড়ে ১২টার দিকে সড়ক ছেড়ে দেয় তারা।গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিজামুল হক মোল্লা বলেন, সরকারের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বস্তি উচ্ছেদ করা হবে না—এমন আশ্বাস পেয়ে সড়ক থেকে সরে গেছে বস্তিবাসীরা।করাইল বস্তির মাকসুদা বেগম বলেন, ‘আমি ১৮ বছর ধইরা করাইল বস্তিতে আছি। এত্ত বছর পর কেন এই উচ্ছেদ?’ জেসমিন আক্তার বলেন, ‘বুধবার উচ্ছেদের পর ছোট্ট বাইচ্চা নিয়ে সারা রাত খোলা মাঠে রইছি।’ রেহানা বেগম জানান, ‘পুনর্বাসন ছাড়া উচ্ছেদ মানব না।’সরেজমিনে দেখা গেছে, উচ্ছেদ হওয়া বস্তির আশপাশে বসে আছে বাসিন্দারা। পাশের মাঠে তাদের পোঁটলা-পুঁটলি ও মালপত্রের স্তূপ। ভেঙে দেওয়া বস্তিঘরের বাঁশ, খুঁটি, টিন ও মালপত্র কেউ কেউ সরিয়ে নিচ্ছে।