
বাসস্টপেজ নেই, কিন্তু ইচ্ছেমতো বাস থামছে। বাসে ওঠার জন্য যাত্রীরাও দাঁড়িয়ে আছেন। পেছনে লাইন ধরে থেমে থাকে অন্য গাড়িগুলো। এটা মিরপুর রোডে আড়ংয়ের মোড়ে মানিক মিয়া অ্যাভিনিউর প্রতিদিনের অবস্থা।
আসাদগেট পার হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ যেতে ফার্মগেটমুখী প্রতিটি বাস, লেগুনা ঠিক সড়কের প্রবেশমুখের এই মোড়ে থেমে যাত্রী তোলা-নামা করে। কিছু বাস আবার একটু সামনে গিয়ে থামে। বিআরটিসি, তানজিল, ভিআইপি, নিউ ভিশন, সেফটিসহ প্রায় প্রতিটি বাসই এখানে থামে। এর সঙ্গে আছে লেগুনা।
গতকাল বৃহস্পতিবার গিয়ে দেখা যায়, মিরপুর রোড থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রবেশ করার আড়ংয়ের মোড়ে বাস থামানোর ফলে পেছনে নিউমার্কেটের দিকে যেতে অন্য যানগুলোকেও থেমে থাকতে হয়। আর ফার্মগেটমুখী অন্য যানগুলো অনবরত হর্ন বাজিয়েই যাচ্ছে। কিন্তু সেদিকে খেয়াল নেই বাসের চালকদের।
যাত্রীরাও অপেক্ষা করছেন। তানিয়া সুলতানা গুলশানে যাবেন। স্টপেজ না হলেও এখান থেকে কেন ওঠেন জানতে চাইলে বলেন, ‘সবাই তো ওঠে। আর বাসও তো থামে।’ অপেক্ষারত আরও কয়েকজন যাত্রী বললেন, আসাদগেট আর সামনে খামারবাড়ি ছাড়া মাঝখানে কোনো স্টপেজ নেই। তাঁই তারা এখান থেকে ওঠেন। সব সময় বাস থামার কারণে অনেকে এ জায়গাকেই স্টপেজ ভাবেন।
মোড় থেকে একটু এগিয়ে থামে কিছু বাস। নিজেরা অস্থায়ী কাউন্টারও বানিয়েছে। টিকিট হাতে দাঁড়িয়ে থাকেন বাসের লোক। ভিআইপি পরিবহনের বাস থামে এ রকম একটি অস্থায়ী কাউন্টারে। ভিআইপির টিকিট বিক্রেতা আমিরুল অস্থায়ী কাউন্টার সম্পর্কে জিজ্ঞেস করলে বলেন, ‘স্থায়ী করতে গেলে ঝামেলা আছে। অস্থায়ীভাবেই অনেক দিন থেকে আছে।’ এটি রাজধানীর গুরুত্বপূর্ণ একটি সড়কের মোড়। কাছেই পুলিশ বক্স আছে। কর্তব্যরত ট্রাফিক পুলিশ ছাড়াও দুজন সার্জেন্ট আছেন। তাঁদের সামনেই বাসে যাত্রী ওঠানামা করছে। এ প্রসঙ্গে কর্তব্যরত সার্জেন্ট মোস্তাফিজ রহমান বলেন, ‘আসাদগেট ছাড়া মানিক মিয়া অ্যাভিনিউতে কোনো বাসস্ট্যান্ড নাই। সামনে কিছু বাসের কাউন্টার আছে। কিন্তু মোড়ে আমরা বাস দাঁড়াতে দেই না। দেখলে সরিয়ে দেই।’ এভাবে বাস থামার ফলে যানজট লেগে যাচ্ছে এবং কোনো ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবে।’