যত্রতত্র যাত্রী তোলায় মহাখালীতে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘন ঘন রেলগেট বন্ধ করা, গণপরিবহনগুলোর যত্রতত্র যাত্রী তোলা-নামানো ও সরু রাস্তার কারণে মহাখালীর যানজট কমছে না। ছবিটি গতকালের l প্রথম আলো
ঘন ঘন রেলগেট বন্ধ করা, গণপরিবহনগুলোর যত্রতত্র যাত্রী তোলা-নামানো ও সরু রাস্তার কারণে মহাখালীর যানজট কমছে না। ছবিটি গতকালের l প্রথম আলো

ওপরের উড়ালসড়কটি প্রায় ফাঁকা থাকলেও মহাখালীতে নিচে যানজট লেগেই থাকে। ঘনঘন রেলগেট বন্ধ করা, গণপরিবহনগুলোর যত্রতত্র যাত্রী তোলা-নামানো ও সরু রাস্তার কারণে মহাখালীর যানজট কমছে না।
উত্তরা, গুলশান, বনানী, জাহাঙ্গীর গেট ও সাতরাস্তার দিকে যাওয়ার সড়ক চারদিকে। এর মধ্যে আছে রেলগেট। সদাব্যস্ত মহাখালীর যানজট কমাতে উড়ালসড়ক করা হয়। কিন্তু উড়ালসড়কের ব্যবহার তুলনামূলক কম। গণপরিবহনগুলো সাধারণত উড়ালসড়কে ওঠে না। বেশির ভাগ ব্যক্তিগত গাড়িই উড়ালসড়কে চলে। বাকি সব নিচে ভিড় করে।
গতকাল সোমবার মহাখালী গিয়ে দেখা যায় আশপাশের সব রাস্তাতেই গাড়ির চাপ। একটু পরপর ট্রেন আসার কারণে জাহাঙ্গীর গেট থেকে আসা ও জাহাঙ্গীর গেটের দিকে যাওয়ার যানগুলোকে আটকে থাকতে হয়। ফলে অন্য রাস্তার যানগুলোর ওপরেও এর প্রভাব পড়ে। মহাখালী রেলক্রসিংয়ের গেটম্যান ফারুক জানান, ২৪ ঘণ্টায় ট্রেন চলাচলের জন্য ৮০ বারেরও বেশি গেট বন্ধ করতে হয়।
সেতু ভবনের সামনে থেকে নিচে দিয়ে মহাখালী যাওয়ার রাস্তাটি সরু। উত্তরা থেকে মহাখালীর দিকে আসতে সেতু ভবনের সামনে এসে গাড়ি দুই ভাগ হয়ে যায়। কিছু গাড়ি ওঠে উড়ালসড়কে। বাকিগুলো নিচে যাওয়ার জন্য এগোতে থাকে। এখানেই একটি মোড় আছে গুলশান ১ নম্বরে যাওয়ার এবং আসার। রাস্তার পাশে ফুটপাত হকারদের দখলে থাকায় পদচারীদের মূল সড়ক ধরেই হাঁটতে হয়। ফলে সরু সড়কের যানগুলোর গতি আরও মন্থর হয়ে যায়। ধীরে ধীরে এগোয়।

এখানে বাসস্টপেজটি কাঁচাবাজারের সামনে। সেখানে কিছু বাস থামলেও বেশির ভাগ গণপরিবহনে রাস্তাজুড়ে যাত্রী ওঠা-নামা করানো হয়। কিন্তু সাতরাস্তা যেতে সামনের সড়ক পুরোটাই ফাঁকা। ফলে যে গাড়িগুলো সরাসরি যাবে, সেগুলো আটকে থাকে। বাসের সঙ্গে পাল্লা দিয়ে লেগুনাও একইভাবে রাস্তায় দাঁড়িয়ে যাত্রী তোলে। গতকাল দুপুরে এ স্টপেজের আশপাশে কোনো ট্রাফিক পুলিশকে দেখা যায়নি।

রেলগেটের সামনেও একই অবস্থা। বাসস্টপেজ না হলেও রেললাইনের ওপরে এবং ওই মোড় থেকে যাত্রী ওঠা-নামা করে। ফলে এখানকার জট সহজে ছাড়ে না। একটি পদচারী-সেতু আছে, কিন্তু খুব কম লোকই সেখানে ওঠেন। হাত তুলে যানবাহন থামিয়ে সড়ক ধরেই তাঁরা পার হন।

মহাখালী আমতলী মোড়ের কর্তব্যরত সার্জেন্ট সালেহ আহমেদ বলেন, ‘এখানে রেলবারটা মারাত্মক। এটা একটা সমস্যা। এ ছাড়া রাস্তা সরু।’ যত্রতত্র যাত্রী ওঠা-নামা প্রসঙ্গে তিনি যাত্রীদের অসচেতনতার কথা বলেন। তিনি আরও বলেন, সড়কের তুলনায় যান বেশি।