নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক পরামর্শ সভায় আলোচকেরা বলেছেন, যথাযথ আইনি সহায়তার মাধ্যমে নারীর জীবন অনেকটা নিরাপদ করে তোলা সম্ভব। গতকাল বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে জাতিসংঘ ঘোষিত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচারণার অংশ হিসেবে ইউএন উইমেন দিনব্যাপী এ পরামর্শ সভার আয়োজন করে। এতে বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার চিত্র তুলে ধরার পাশাপাশি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের অভিজ্ঞতা বর্ণনা করা হয়। সমাপনী অনুষ্ঠানে সভার প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে সমন্বিত কার্যক্রম চলছে। এই কার্যক্রম জোরদার করার কথা বলেন তিনি।বাংলাদেশের অবস্থা তুলে ধরে নারীপক্ষের সমন্বয়কারী রীতা দাস রায় বলেন, নির্যাতিত নারীদের অভিযোগ কেউ শুনতে চায় না। থানায় গিয়ে বিভিন্ন টেবিলে ঘটনার বিবরণ দেওয়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ইচ্ছা অনুযায়ী মামলা নেওয়া হয়। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন বলেন, নারীর সুরক্ষায় আইন প্রয়োগের ক্ষেত্রে বাধা সরাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। অভিবাসী কর্মী উন্নয়ন কর্মসূচির চেয়ারম্যান শাকিরুল ইসলাম বলেন, নারীদের বাইরে কাজে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকারকে নজর দিতে হবে।