যথাযোগ্য মর্যাদায় ঈদ উদ্যাপনে কর্মসূচি ঠিক করেছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতরের ১০ দিন আগেই জাতীয় ঈদগাহ ময়দানের মাঠ ভরাট ও পানিনিষ্কাশন নালা তৈরির কাজ শেষ করা হবে। আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত হবে বায়তুল মোকাররম মসজিদে। নারীদের জন্যও ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। গতকাল রোববার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সভায় যথাযোগ্য মর্যাদায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদ্যাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচিও নেওয়া হয়েছে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ঢাকা শহর ও বৃহত্তর জেলাগুলোর প্রধান জামাত কোন সময় অনুষ্ঠিত হবে, তা ইসলামিক ফাউন্ডেশন ঈদের আগেই প্রচার করবে। ঈদের দিন সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা তোলা হবে। বনানীর ঢাকা গেট থেকে বঙ্গভবন পর্যন্ত প্রধান সড়ক ও সড়কদ্বীপগুলো জাতীয় পতাকা এবং বাংলা ও আরবিতে ঈদ মোবারক খচিত ব্যানার দিয়ে সাজানো হবে। ঈদের দিবাগত রাতে নির্দিষ্ট সরকারি ভবনগুলোতেও আলোকসজ্জা করা হবে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ঈদের দিন বিশেষ অনুষ্ঠান প্রচার করবে, সংবাদপত্রগুলো বিশেষ সংখ্যা প্রকাশ করবে। বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয়কেন্দ্র, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।মহানগরের বিভিন্ন স্থানে সরকার চলচ্চিত্র প্রদর্শনেরও ব্যবস্থা করবে। সিটি করপোরেশনের আওতাধীন সব শিশুপার্কে সুবিধাবঞ্চিত শিশুদের বিনা টিকিটে প্রবেশের সুযোগ দেওয়া হবে। সেখানে তাদের জন্য বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে। মহানগরে প্রীতি ফুটবল খেলার ব্যবস্থাও থাকবে।বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা/স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জাতীয় কর্মসূচির আলোকে ঈদ পালনে নিজ নিজ কর্মসূচি ঠিক করবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো সরকারি কর্মসূচির আলোকে ঈদ-উল-ফিতর উদ্যাপন করবে। ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে সভায় ধর্মসচিব কাজী হাবিবুল আউয়াল, যুগ্মসচিব কামাল উদ্দিন আহমেদ, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।