পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে একটি ক্যানসার বিভাগ থাকলেও নেই প্রয়োজনীয় লোকবল ও যন্ত্রপাতি। ফলে রোগীরা বঞ্চিত হচ্ছে এই ঘাতক ব্যাধির চিকিৎসা থেকে। রোগীর চাপ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টির অভাবে বিভাগটিতে দীর্ঘদিন ধরে কার্যত অচলাবস্থা বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালে মিটফোর্ড হাসপাতালের প্রশাসানিক ভবনের অষ্টম তলায় ক্যানসার বিভাগটি চালু করা হয়। এ বিভাগে চিকিৎসকের মধ্যে একজন সহযোগী অধ্যাপক, একজন সহকারী অধ্যাপক ও একজন অনকোলজিস্টের পদ আছে। সহযোগী অধ্যাপকের পদটি ১৪ মাস ধরে শূন্য পড়ে আছে। এ বিভাগে ওয়ার্ড, রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার ও মেডিকেল কর্মকর্তার কোনো পদ নেই। সূত্র জানায়, এ বিভাগে প্রতিদিন গড়ে আট থেকে ১০ জন রোগী চিকিৎসার জন্য আসেন। কিন্তু ক্যামোথেরাপি ছাড়া অন্য কোনো ব্যবস্থা না থাকায় রোগীদের এ সেবা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। বিভাগটি চালুর পর থেকে পাঁচটি বিছানা দেওয়া হলেও সহকারী রেজিস্ট্রার ও মেডিকেল কর্মকর্তা না থাকায় পরে সেগুলো হাসপাতালের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে ক্যানসারের রোগীরা অন্যান্য বিভাগে থাকলে সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় চিকিৎসার জন্য এ বিভাগের চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিচ্ছে। বিভাগটিতে চারটি মেডিকেল টেকনোলজিস্টের পদ আছে। কিন্তু কাজ না থাকায় দুজন একই হাসপাতালের রেডিওলজি বিভাগে এবং একজন জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে কাজ করছেন। সূত্র আরও জানায়, এ বিভাগে রোগীদের রেডিয়েশন (থেরাপি) দেওয়ার জন্য একটি লাইনাক ও একটি কোবাল-৬০ যন্ত্রের প্রয়োজন। কিন্তু এ বিভাগে এর কোনোটিই নেই। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লোকবলের অভাবে বিভাগটি কার্যত অচল হয়ে আছে। বিভাগে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট নাজিম উদ্দিন জানান, দুই বছর ধরে তিনি এখানে কর্মরত। যন্ত্রপাতি না থাকায় কোনো কাজকর্মও নেই। তাই পত্রিকা পড়ে ও অলস বসে সময় কাটানো ছাড়া তাঁর উপায় নেই।মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খাদেমুল ইনসান মোহাম্মদ ইকবাল প্রথম আলোকে জানান, চলতি বছরের বাজেট থেকে হূদরোগ, শল্য বিভাগ ও ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চালুর জন্য দরপত্রের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী অর্থবছরে ক্যানসার ও ক্যাজুয়ালটি বিভাগ উন্নত করতে ব্যবস্থা নেওয়া হবে। উপপরিচালক আবুল হাসেম খান প্রথম আলোকে জানান, ক্যানসার বিভাগের অধীন পাঁচটি বিছানা আছে। যন্ত্রপাতি না থাকায় ওষুধের চিকিৎসা ও ক্যামোথেরাপি দেওয়া হয়। বিভাগটি উন্নত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।