যমজ শিশুর একটি হাসপাতাল থেকেই চুরি!

যমজ নবজাতকের একটিকে হারিয়ে ফুটফুটে অন্যটিকে বুকে আঁকড়ে ধরে মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন মা। চুরি যাওয়া সন্তানকে ফিরে পাওয়ার জন্য একটু পর পর বিলাপ করছিলেন তিনি।
সদ্য প্রসূতি মায়ের এই বিলাপ, আকুতি গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডের সবাইকে স্পর্শ করে। ওই ওয়ার্ড থেকেই সকাল সাড়ে সাতটার দিকে চুরি হয়েছে তাঁর যমজ দুই ছেলের একটি। কান্না থামানোর বাহানায় কোলে নিয়ে এক নারী শিশুটিকে চুরি করে নিয়ে গেছেন। গত বুধবার নবজাতকটিকে কোলে নিয়ে ওই নারীর হাঁটাহাঁটির দৃশ্য হাসপাতালের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় ধরা পড়লেও চুরি করে নিয়ে যাওয়ার সময় ধরা পড়েনি।
কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যে এই শিশু চুরি নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগেও এই হাসপাতাল থেকে শিশু চুরি হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মো. মুশফিকুর রহমান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, হাসপাতালের সব ওয়ার্ডের বারান্দা সিসি ক্যামেরার আওতায়। কোনো কারণে বারান্দার বৈদ্যুতিক বাতি নেভানো থাকায় শিশু চুরির দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়েনি। তবে ভিডিও ফুটেজ দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে চুরি হওয়া ওই নবজাতককে উদ্ধারের চেষ্টা চলছে।
ওই যমজ নবজাতকের মা রুনা আক্তার ও বাবা কাওছার হোসেন অভিযোগ করে বলেন, ঘটনার সময় নবজাতক ওয়ার্ড ও হাসপাতালের পশ্চিম দিকের একটি ফটকে নিরাপত্তাকর্মী না থাকায় তাঁদের সন্তান চুরি হয়েছে। সরকারি হাসপাতাল থেকে বাচ্চা চুরি হয়েছে। এর দায়দায়িত্ব সরকারের। সরকারকেই বাচ্চা উদ্ধারের ব্যবস্থা করতে হবে। কাওছার রাজধানীর মোহাম্মদপুরের বিজলী মহল্লার বাসিন্দা ও বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী।
হাসপাতাল সূত্র জানায়, ১৯ আগস্ট গভীর রাতে রুনা আক্তারের প্রসববেদনা শুরু হলে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেলে প্রসূতি ওয়ার্ডে ভর্তি করা হয়। বুধবার ভোর পাঁচটার দিকে তিনি যমজ ছেলে জন্ম দেন। ওই দিনই মা ও যমজ নবজাতককে দোতলায় নবজাতক ওয়ার্ডে পাঠানো হয়। মা ও নবজাতক যমজকে সার্বক্ষণিক তত্ত্বাবধান করতেন রুনার মা গুলেনূর বেগম।
রুনা আক্তার বলেন, তিনি নবজাতক ওয়ার্ডে আসার পর অন্যদের মতো ওই নারীও তাঁদের কোলে নিয়ে আদর করেন। তাঁকে বলেন, ওই নারীর ভাইয়ের স্ত্রীর একত্রে তিন সন্তান হয়েছে। অসুস্থ থাকায় তাদের শীতাতপ নিয়ন্ত্রণ কক্ষে রাখা হয়েছে। তাঁকে হাসপাতালে অন্তত ১৫ দিন থাকতে হবে।
গুলেনূর বেগম বলেন, ‘বুধবার সকালে ছোটটার (পরে ভূমিষ্ঠ) শ্বাসকষ্ট অইলে ওই নারী আইসা ডাক্তারের কাছে লইয়া যায়। তহন সে আমার কোল থেইক্যা নাতিরে হ্যার কোলে নেয়। ডাক্তার দেহাইয়া আমরা ওয়ার্ডে আই। বুধবার রাতে সে নবজাতক ওয়ার্ডেই ঘুমায়।
গতকাল সকাল সাড়ে সাতটার দিকে দুই নাতি কান্না শুরু করলে ওই নারী কান্না থামানোর কথা কইয়া একটারে কোলে লয়। ওয়ার্ডে হাঁটাহাঁটি করতে করতে একসময় সে বাচ্চাটা নিয়া চইল্যা গেছে।’ তিনি বলেন, ‘বুঝতে পাইরা নাতির খোঁজে ছোডাছুডি করতে থাহি। সব ওয়ার্ডে, সব গেডে (ফটক) গেছি। সব গেডে দারোয়ান পাইলেও নবজাতক ওয়ার্ড ও হাসপাতালের পশ্চিম দিকের একটি গেডে দারোয়ান পাই নাই।’
গুলেনূর আরও জানান, সন্তান চুরি হওয়ায় তাঁর মেয়ে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছেন। খাবার খাচ্ছেন না।
নবজাতক ওয়ার্ডে কর্তব্যরত আনসার সদস্য নাজিমউদ্দিন বলেন, তিনি পাশের ২১৩ নম্বর ওয়ার্ডে ছিলেন। পরে এসে ঘটনা শুনে হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। অপরিচিত ব্যক্তিদের ওয়ার্ডে থাকতে দেওয়া হলো কেন, জানতে চাইলে তিনি বলেন, কর্তৃপক্ষ নির্ধারিত সময় ছাড়া দর্শনার্থীদের ঢুকতে না দিতে বলেছে। রোগীর পরিচর্যাকারীকে থাকার বিষয়ে বাধা না দেওয়ার জন্য বলা হয়েছে।
হাসপাতালের উপপরিচালক বলেন, নবজাতকের স্বজনেরা সচেতন হলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত না। তাঁদের প্রশ্রয়ে বহিরাগত ওই নারী ওয়ার্ডে থাকার সুযোগ পেয়েছেন। বহিরাগত ব্যক্তিদের ভেতরে থাকতে না দিতে কর্তব্যরত চিকিৎসক ও নার্সের প্রতি নির্দেশ আছে। নবজাতক চুরি হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও পরে মামলা করেছে। ঘটনা তদন্তে গাইনি বিভাগের এক সহযোগী অধ্যাপককে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নবজাতক চুরির ঘটনায় নিরাপত্তাকর্মীর জড়িত থাকার অভিযোগের সত্যতা পেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগ করা হলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে ভিডিও ফুটেজ নিয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
এর আগে ২০১২ সালের ৪ এপ্রিল ঢাকা মেডিকেলে জন্মের এক ঘণ্টার মধ্যে নবজাতক চুরি হয়েছিল। শিশু চুরির ওই দৃশ্য হাসপাতালের সিসি ক্যামেরায় ধরা পড়লেও শিশুটি উদ্ধার হয়নি।