যমুনা টেলিভিশনের সম্প্রচার শুরুর দাবিতে মাসব্যাপী কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যত শিগগির সম্ভব যমুনা টেলিভিশনের সম্প্রচার শুরু করার অনুমতি দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন চ্যানেলটির সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। তাঁরা বলেছেন, যেকোনো মুহূর্তে বেকার হওয়ার আতংকে রয়েছেন যমুনা টেলিভিশনের পাঁচ শতাধিক কর্মী।গত শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তাঁরা এ আবেদন জানান। যমুনা টেলিভিশনের বার্তা পরিচালক শাহ আলমগীর, সম্প্রচার পরিচালক বেলাল আমান, অনুষ্ঠানপ্রধান সুপন রায়, বার্তা প্রধান নাজমুল আশরাফ এবং প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ উপস্থিত ছিলেন।টেলিভিশন চ্যানেলটি আবারও চালু করার দাবিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন যমুনা টেলিভিশনের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। কর্মসূচির মধ্যে রয়েছে আজ সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন। ১৪ থেকে ১৮ জুন পেশাজীবী, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও তথ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া। ১৯ জুন বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশ। ২০ থেকে ২৪ জুন গণমাধ্যম কর্মী ও পেশাজীবীসহ নানা শ্রেণী-পেশার ব্যক্তিদের বিবৃতি ও স্বাক্ষর সংগ্রহ। ২৫ জুন বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি। ৬ জুলাই সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ।