যমুনা ফিউচার পার্কের ছয়তলার ওপর নির্মিত অননুমোদিত ভবন ভাঙার কাজ চলছে। তবে গত কয়েক দিন ধরে ভাঙার কাজে কিছুটা ধীরগতি লক্ষ করা গেছে। গতকাল বেলা দেড়টায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ম্যাজিস্ট্রেট রোকন-উদ দৌলার নেতৃত্বে আবার ভবনের অষ্টম তলায় অবৈধ অংশ ভাঙার কাজ শুরু হয়। প্রথম দিকে সকাল ১০টার মধ্যে ভাঙা শুরু হলেও গত দুই দিন ধরে দুপুরের পর শুরু হচ্ছে। রাজউক কর্মকর্তারা বলছেন, শ্রমিক ও যানবাহন সংকটের কারণে ভাঙার কাজ দেরিতে শুরু করতে হচ্ছে। গত ৪ ফেব্রুয়ারি অবৈধ ভবনটি ভাঙার কাজ শুরু হয়। এদিকে, গতকাল যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ নগর উন্নয়ন কমিটি বরাবর একটি চিঠি দিয়েছে। নগর উন্নয়ন কমিটির সভাপতি গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব। চিঠিতে তারা ৩ ফেব্রুয়ারি আপিল কর্তৃপক্ষের বরাবর দেওয়া আবেদনের নিষ্পত্তি করার আবেদন জানায়। ৩ ফেব্রুয়ারির চিঠিতে ভবনের পরিবর্তিত নকশা অনুমোদনের জন্য আবেদন জানানো হয়েছিল। রোকন-উদ দৌলা প্রথম আলোকে বলেন, ভবন ভাঙা অব্যাহত থাকবে। তবে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে তাঁরা ধীরে ধীরে ভাঙছেন। গতকাল প্রায় ৫০ জন শ্রমিক ভবন ভাঙার কাজ করেন। এ সময় রাজউক কর্মকর্তা ছাড়াও ভবনের ভেতর ও বাইরে প্রায় ৫০ জন পুলিশ মোতায়েন ছিল। রাজউক সূত্রে জানা গেছে, ভবন ভাঙার ক্ষেত্রে কিছুটা ধীরে চলো নীতি অবলম্বন করা হচ্ছে। কারণ, যমুনা কর্তৃপক্ষকে ভবনে ব্যবহূত কাঠ, টাইলস, বৈদ্যুতিক সরঞ্জাম সরিয়ে ফেলার সুযোগ করে দেওয়া এবং অদক্ষ শ্রমিক দিয়ে ভবনের মূল ভিত্তি ভাঙার কাজ না করা। ইতিমধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও সেনাবাহিনীর বিশেষজ্ঞদের নিয়ে ভবন ভাঙার বিষয়ে মতামতের জন্য চিঠি দিয়েছে রাজউক। এ বিষয়ে বিশেষজ্ঞ মতামত পাওয়া গেলে ভবনের কলাম ও ছাদ ভাঙা হবে। সূত্র জানায়, যমুনা কর্তৃপক্ষকে সময় দেওয়ার পরও মালামাল সরায়নি। গতকাল সরেজমিনে দেখা গেছে, শুধু ভবনের ভেতরের বিভাজন দেয়াল (পার্টিশন ওয়াল) ভাঙা হচ্ছে। ৪ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ২৪৭০ দশমিক ৩০ বর্গমিটার আয়তনের এই ভবনের শুধু দেয়ালের কাচ ও বিভাজন দেয়ালের অংশবিশেষ ভাঙতে পেরেছে রাজউক। প্রথম দিকে ভবনের দরজার কাঠ, মেঝও ভাঙা হয়। কিন্তু এখন সেটা করা হচ্ছে না। যমুনা কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, তাঁরা কিছু মালামাল সরিয়ে নিয়েছেন। যমুনা কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী এরশাদ হোসেন বলেন, ভবনটি তৈরির সময় এমনভাবে রড দেওয়া হয়েছে তাতে অননুমোদিত অংশ ভাঙার সময় অনুমোদিত অংশেরও ক্ষতি হবে। এটা রাজউককে বিবেচনা করতে হবে। গ্রুপের পরিচালক মোহাম্মদ আলমগীর আলম দাবি করেন, ভবনের মালামাল আগে সরিয়ে নেওয়ার ফলে ৮০ শতাংশ সরঞ্জাম রক্ষা হয়েছে—সংবাদপত্রে প্রকাশিত হওয়া এ ধরনের বক্তব্য তিনি দেননি। বরং তিনি বলেছিলেন, রাজউক ৪ ফেব্রুয়ারি ভবনটি অতর্কিতে ভাঙা শুরু না করে মালামাল সরানোর সুযোগ দিলে ৮০ শতাংশ ক্ষতি কমানো যেত।