যমুনা সেতুর সিংহভাগ কাজ হয় শেখ হাসিনার আমলে: মঞ্জু
জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, বঙ্গবন্ধু যমুনা সেতুর সিংহভাগ কাজই সম্পন্ন হয় শেখ হাসিনার ১৯৯৬ থেকে ২০০১ সালের সরকারের আমলে। গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। আনোয়ার হোসেন বলেন, ১৯৯৮ সালের ২৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যমুনা সেতু উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে তিনি উল্লেখ করেছিলেন, বঙ্গবন্ধু জাপানে তাঁর সরকারি সফরের সময় সর্বপ্রথম এই সেতু নির্মাণের কথা উত্থাপন করেছিলেন। এরই ধারাবাহিকতায় জিয়াউর রহমানের সময় জাইকা বাংলাদেশে কারিগরি দল পাঠায়। বিএনপি ক্ষমতায় এসে ১৯৯৪ সালে সেতুর মূল ভিত্তির (পাইলিং) কাজ শুরু করে। তাদের মেয়াদে ২৫ থেকে ৩০ শতাংশ পাইলিংয়ের কাজ হয়। বিএনপির আমলে নদীশাসনের কাজ শুরু হলেও ৮৪ একর জমি অধিগ্রহণে জটিলতার কারণে কাজ বন্ধ হয়ে যায়। সেতু নির্মাণের আনুষঙ্গিক প্রস্তুতিমূলক চুক্তি বিএনপির আমলে হলেও পাইলিংয়ের ৭০ শতাংশ এবং সেতুর ওপরের অংশের (ডেক) কাজ হয়েছিল শেখ হাসিনার আমলে। সাবেক এই মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সেতু উদ্বোধনের সময় তাঁর নিজের এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে এই সেতু নির্মাণে বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, এইচ এম এরশাদ ও খালেদা জিয়ার কথা অকপটে স্বীকার করে নেওয়া হয়। তিনি বলেন, ‘এই কাজে একক কৃতিত্বের দাবি দুঃখজনক। অবস্থার দৃষ্টিতে মনে হয়, আমরা দেশের মানুষকে সত্য ও বাস্তব কথা জানাতে অভ্যস্ত নই।’উল্লেখ্য, গত শনিবার হবিগঞ্জে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছিলেন, ‘যত বড় বড় সেতু আমরাই করেছি। যমুনা সেতু আমরা করি নাই? এত বড় সেতু নির্মাণ করেছি কই দুর্নীতি তো হয়নি।’ বিজ্ঞপ্তি।