যাত্রা শুরু করল ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যকেন্দ্র
কাচে ঘেরা একটি কক্ষ নিয়ে যাত্রা শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যকেন্দ্র। গতকাল বুধবার তথ্যকেন্দ্রটি উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। তবে কেন্দ্রটি পরিপূর্ণভাবে কাজ শুরু করতে কমপক্ষে এক বছর সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আশা প্রকাশ করেন, তথ্যকেন্দ্রটির মাধ্যমে গ্রাহককে সঠিক তথ্য দেওয়া হবে। এ জন্য অতিরিক্ত সময় লাগলেও ভুল তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত না করার আহ্বান জানান তিনি।উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, পরীক্ষার প্রশ্নপত্র ও ফলাফলের মতো গোপনীয় বিষয় ছাড়া যেকোনো তথ্য এ কেন্দ্র থেকে সরবরাহ করা হবে। দেশের যেকোনো নাগরিক ও গণমাধ্যমের কর্মী এখান থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন।কোষাধ্যক্ষ মীজানুর রহমান বলেন, সব ধরনের তথ্য সরবরাহের মধ্য দিয়ে তথ্য অধিকার নীতিমালা বাস্তবায়নের দিকে বিশ্ববিদ্যালয় এক ধাপ এগিয়ে যাবে।তথ্যকেন্দ্র স্থাপনের লক্ষ্যে রেজিস্ট্রার ভবনের নিচতলায় একটি কাচে ঘেরা কক্ষ তৈরি করা হয়েছে। গতকাল উদ্বোধন করা হলেও কেন্দ্রটিতে একটি টেবিল ফ্যান ও ডেস্ক ছাড়া কিছু স্থান পায়নি। কক্ষের নোংরা অবস্থা দেখে ফলক উন্মোচন করতে আসা তথ্যমন্ত্রী কর্মচারীদের বলেন, ‘কক্ষটি আরও পরিষ্কার করা যায় না?’তথ্যকেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে জনসংযোগ অধিদপ্তরের উপপরিচালক (প্রকাশনা) নূর-ই-ইসলামকে। জানতে চাইলে তিনি বলেন, পরিপূর্ণভাবে কাজ শুরু করতে এক বছর সময় লেগে যাবে।