যাত্রাবাড়ীতে দগ্ধ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অগ্নিদগ্ধ শিশু রমজান আলী ছয় দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছে। গতকাল সকাল সাতটার দিকে বার্ন ইউনিটের চিকিৎসকেরা রমজান আলীকে (৮) মৃত ঘোষণা করেন।
২৪ জানুয়ারি যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস এলাকার একটি বাড়ির ছাদে সে রহস্যজনকভাবে দগ্ধ হয়। স্বজনেরা দাবি করছে, অন্য দুই শিশু রমজানের শরীরে আগুন ধরিয়ে দেয়। তবে পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশুদের সঙ্গে খেলার সময় দুর্ঘটনায় দগ্ধ হয় রমজান।
শিশুটির মামা জাকির হোসেন বলেন, ২৪ জানুয়ারি কালুসহ দুই শিশুর সঙ্গে একটি ভবনের ছাদে তারপিন নিয়ে খেলছিল রমজান। এ সময় তারা তারপিনের বাক্সে আগুন ধরিয়ে দিলে তা বিস্ফোরিত হয়ে রমজান দগ্ধ হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আগুনে তার দেহের ৩৬ শতাংশ পুড়ে গিয়েছিল। স্বজনেরা অভিযোগ করেছেন, কালুসহ অপর শিশু ‘ইচ্ছাকৃতভাবে’ রমজানের শরীরে আগুন দিয়েছে।
জানা গেছে, রমজানের বাবার নাম মৃত আনোয়ার হোসেন এবং মা রাজিয়া বেগম। তিন ভাই ও দুই বোনের মধ্যে সে ছিল চতুর্থ। সে ভাঙ্গা প্রেস এলাকার মান্নানের বাড়িতে পরিবারের সঙ্গে থাকত। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপায়। রমজানের মা রাজিয়া যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেস এলাকায় বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করেন।
যাত্রাবাড়ী থানার ওসি অবনি শংকর কর বলেন, ঘটনাটি দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত, তা জানা যায়নি। এখনো কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।