যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা দগ্ধ, নূরে আলমের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ যাত্রী নূরে আলম (৪০) মৃত্যুর কাছে হার মানলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার বেলা একটায় তিনি মারা গেছেন।
এ নিয়ে চলমান অবরোধ-হরতালে পেট্রলবোমায় দগ্ধ হয়ে বার্ন ইউনিটে চিকিৎসাধীনদের মধ্যে সাতজন মারা গেলেন।
গত ২৩ জানুয়ারি রাতে গুলিস্তান থেকে রূপগঞ্জের ভুলতাগামী একটি বাসের যাত্রী ছিলেন নূরে আলম। বাসটি যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় পৌঁছালে পেট্রলবোমা হামলার শিকার হয়। এতে বাসের ২৮ জন যাত্রী দগ্ধ এবং একজন আহত হন। দগ্ধ যাত্রীদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে নূরে আলমসহ নয়জনের অবস্থা ছিল আশঙ্কাজনক।
ঢাকা মেডিকেলের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসকেরা জানান, নূরে আলমের শ্বাসতন্ত্র মারাত্মকভাবে পুড়ে গিয়েছিল। নয় দিন ধরে তিনি মারাত্মক যন্ত্রণায় ভুগছিলেন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অন্য ছয়জনের অবস্থাও আশঙ্কাজনক।
নূরে আলমকে চিকিৎসক মৃত ঘোষণার পর সেখানে থাকা তাঁর স্ত্রী চম্পা বেগম নির্বাক হয়ে পড়েন। মাঝে মধ্যে তিনি আহাজারি করছিলেন। তাঁদের স্বজনেরাও কাঁদছিলেন। চম্পা বেগম প্রথম আলোকে বলেন, ‘মারা যাওয়ার কিছুক্ষণ আগেও উনি কথা বলতেছিলেন। বলছেন, চম্পা তুমি আমারে থুইয়া যাইও না। এখন সে নিজেই আমারে থুইয়া চইল্যা গেছে।’
স্বজনেরা জানান, নূর আলমের গ্রামের বাড়ি নাটোরে। পেশায় ঠিকাদার। কয়েক বছর আগে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গিয়েছিলেন কাজের প্রয়োজনে। ভালোবেসে বিয়ে করেন সোনারগাঁয়ের মেয়ে চম্পাকে। পাঁচ বছরের দাম্পত্য জীবনে তাঁদের একটি সন্তানও হয়েছিল। কিন্তু ভূমিষ্ঠ হওয়ার এক দিন পরই সে মারা যায়।
‘পৃথিবীতে আমার আর কেউ রইল না’ বলে মর্গের বাইরে চিৎকার করে কেঁদে উঠছিলেন চম্পা। নূরে আলমের ভাগনি সোনিয়া জানান, মাস দুয়েক আগে সড়ক দুর্ঘটনায় হাত-পা ভেঙে গিয়েছিল তাঁর মামার। ২৩ জানুয়ারি মিরপুরে তাঁদের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তাঁকে বলেছিলেন, হাত-পা ঠিক হয়ে গেছে, এখন একদম সুস্থ। তাঁর আবদার উপেক্ষা করে রাতেই বাড়ির পথ ধরেছিলেন। জীবিত অবস্থায় তাঁর মামা আর বাড়ি পৌঁছাতে পারলেন না।
বার্ন ইউনিটে হরতাল-অবরোধে দগ্ধ রোগীর সংখ্যা ১০০: হরতাল-অবরোধে সহিংসতায় গতকাল পর্যন্ত বার্ন ইউনিটে চিকিৎসা নিয়েছেন ১০০ রোগী। গতকাল চিকিৎসাধীন ছিলেন ৫৪ জন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন ছয়জন।